Logo

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে বিজেপি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ মে, ২০২৬, ১৫:৩৬
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে বিজেপি
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ২৯৩টি আসনের মধ্যে ১৯২টিতে এগিয়ে আছে দলটি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৯৫টি আসনে।

বিজ্ঞাপন

এর বাইরে একটি আসনে এগিয়ে রয়েছে বামপন্থি সিপিএম এবং পাঁচটি আসনে এগিয়ে আছে অন্যান্য প্রার্থীরা।

পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট আসন ২৯৪টি। এবার ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আজ সোমবার ভোট গণনা শুরু হয় স্থানীয় সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা)। প্রথমে পোস্টাল ব্যালট এবং পরে ইভিএমের ভোট গণনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

দক্ষিণ ২৪ পরগনার ফলতা আসনে নির্বাচনী অনিয়ম ও গণতান্ত্রিক প্রক্রিয়া ভঙ্গের অভিযোগে ভোট বাতিল করেছে নির্বাচন কমিশন। ওই আসনে পুনরায় ভোট হবে ২১ মে এবং গণনা হবে ২৪ মে। তাই আজ ২৯৩টি আসনের ফল ঘোষণা হচ্ছে।

গণনার শুরুতে দুই দলের মধ্যে ব্যবধান কম থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে বিজেপির এগিয়ে যাওয়ার ধারা স্পষ্ট হয় এবং বর্তমানে তৃণমূলের চেয়ে প্রায় ১০০ আসনে এগিয়ে রয়েছে বিজেপি।

বিজ্ঞাপন

এই ফলাফলই নির্ধারণ করবে আগামী পাঁচ বছরের জন্য পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্ষমতার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গণনাকেন্দ্রে রাজনৈতিক দলের অনুমোদিত প্রতিনিধিদের প্রবেশের জন্য কিউআর কোডযুক্ত পরিচয়পত্র দেওয়া হয়েছে।

গণনাকেন্দ্রে কোনো প্রতিনিধিকে মোবাইল ফোন বহনের অনুমতি দেওয়া হয়নি, শুধুমাত্র নির্বাচনী কর্মকর্তারা মোবাইল ব্যবহার করতে পারবেন।

বিজ্ঞাপন

গণনায় বিশেষ নজর রয়েছে ভবানীপুর আসনে—যেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া তৃণমূলের ফিরহাদ হাকিম, দেবাশীষ কুমার, নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, শশী পাঁজা এবং মধুপর্ণা ঠাকুরসহ একাধিক প্রার্থীর ফলাফলের দিকেও নজর রয়েছে।

বিজেপির প্রার্থীদের মধ্যে রুদ্রনীল ঘোষ, অগ্নিমিত্রা পাল, অর্জুন সিং, তরুণজ্যোতি তিওয়ারি এবং পানিহাটিতে আরজি কর কাণ্ডে নিহত ছাত্রীর মা রত্না দেবনাথের ফলাফল নিয়েও আগ্রহ দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

বাম ও অন্যান্য দলের প্রার্থীদের মধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায়, সায়নদীপ মিত্র, কংগ্রেসের অধীর চৌধুরীসহ একাধিক পরিচিত মুখ এবং আইএসএফের নওশাদ সিদ্দিকীর ফলাফলের দিকেও নজর রয়েছে।

সূত্র: আনন্দবাজার

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD