চীনের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে অবস্থানরত নথিবিহীন নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
ওই কর্মকর্তা জানান, দ্রুত নথিবিহীন নাগরিকদের ফেরত না নিলে ওয়াশিংটন এ পরিকল্পনা বাস্তবায়নে যাবে এবং যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ চীনা অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করবে।
আগামী ১৪ ও ১৫ মে বেইজিং সফরে যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের। এই সফরে বাণিজ্যিক সুবিধা আদায়ের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে, যা আসন্ন নির্বাচনে রাজনৈতিকভাবে কাজে লাগাতে চায় তার দল।
বিজ্ঞাপন
এদিকে, অবৈধ অভিবাসন রোধের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই এই পদক্ষেপ বিবেচনায় রয়েছে বলে জানা গেছে। সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে এক লাখের বেশি নথিবিহীন চীনা নাগরিক অবস্থান করছেন, যাদের মধ্যে ৩০ হাজারের বেশি ব্যক্তিকে দেশে ফেরানোর নির্দেশ রয়েছে।
চীনকে বিষয়টি জানানো হলে ২০২৫ সালে কয়েক দফায় প্রায় ৩ হাজার নাগরিককে ফেরত নেওয়া হলেও গত ছয় মাস ধরে এ প্রক্রিয়া স্থবির রয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে কাউকে ফেরত নেয়নি বেইজিং।
বিজ্ঞাপন
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি নিয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও কার্যকর সাড়া মেলেনি। বরং বেইজিং পরোক্ষভাবে পূর্ণ সহযোগিতায় অনাগ্রহ দেখিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
পরিস্থিতির উন্নতি না হলে প্রথম ধাপে ভিসা ফি বৃদ্ধি, ভিসা বাতিলের হার বাড়ানোসহ নানা সীমাবদ্ধতা আরোপ করা হতে পারে। পরবর্তীতে স্থায়ী ভিসা নিষেধাজ্ঞার পথেও হাঁটতে পারে যুক্তরাষ্ট্র।
বিজ্ঞাপন
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলেও ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: রয়টার্স








