কলকাতায় কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২

কলকাতায় একটি চামড়ার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ অবস্থায় আরও তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১২ মে) রাতে কলকাতার তপসিয়ার তিলজলা এলাকায় কালিখোলা মসজিদের কাছে অবস্থিত ওই চামড়ার কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে চারদিকে আতঙ্ক সৃষ্টি হয়।
খবর পেয়ে স্থানীয়রা দমকল ও থানায় জানালে ঘটনাস্থলে দমকলের দুটি ইউনিট পৌঁছে। প্রায় ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
বিজ্ঞাপন
এরপর কারখানার ভেতর থেকে পাঁচজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের দাবি, কারখানাটিতে দুটি প্রবেশপথ থাকলেও আগুন ও ঘন ধোঁয়ার কারণে বের হওয়ার সুযোগ ছিল না। আগুন নিয়ন্ত্রণে আসার পর উদ্ধার কার্যক্রম চালানো হয়।
বিজ্ঞাপন
চিকিৎসকদের বরাতে জানা গেছে, অতিরিক্ত ধোঁয়া শ্বাসনালী ও ফুসফুসে প্রবেশ করায় আহতদের অবস্থা গুরুতর হয়েছে। দুইজনকে ভেন্টিলেশন সাপোর্টে এবং একজনকে সাধারণ ওয়ার্ডে রাখা হয়েছে।
বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে ফরেনসিক বিভাগের কর্মকর্তারা তদন্ত শুরু করেন। আগুন লাগার কারণ এবং কারখানাটির ফায়ার লাইসেন্স ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
এ ঘটনায় কারখানার মালিককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ও তার বাবা মিলে কারখানাটি পরিচালনা করতেন বলে জানা গেছে।








