Logo

বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুন, ২০২৬, ১৬:৪৬
বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা
ছবি: সংগৃহীত

ভারতের ছত্তিশগড় রাজ্যে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধের জেরে ক্ষমতাসীন দল বিজেপির এক নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ জুন) ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রাজ্যের কোরিয়া জেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন স্থানীয় বিজেপি নেতা ও সাবেক জনপদ পঞ্চায়েত সভাপতি ভারত সিং ওরফে লাল্লা সিং।

পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার গভীর রাতে সোনহাত থানার নওগাইন এলাকায় বালু মহাল পরিচালনা-সংক্রান্ত বিরোধ মেটাতে যান ভারত সিং। তবে তাকে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলা হয়েছিল বলে অভিযোগ পরিবারের।

বিজ্ঞাপন

অভিযোগ রয়েছে, ভারত সিং ও তার সহযোগীরা যে ফরচুনার এসইউভিতে ছিলেন, সেটিকে একাধিক ট্রাক দিয়ে চারদিক থেকে ঘিরে ফেলা হয়। এরপর গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান ভারত সিং, বীরেন্দ্র সিং ও নগেন্দ্র সিং।

এ ঘটনায় আহত মায়াঙ্ক সিংকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথা ও মুখে গুরুতর আঘাত রয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন অক্ষত ত্রিপাঠী, বিশাল ত্রিপাঠী, সত্যপ্রকাশ ত্রিপাঠী ও মন্নু ত্রিপাঠী। এ ছাড়া আরও কয়েকজনকে আসামি করে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই অঞ্চলের বালু মহালের ইজারা ছিল ভারত সিংয়ের পরিবারের নিয়ন্ত্রণে। বালু পরিবহন, অর্থ লেনদেন এবং প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ভারত সিংয়ের পক্ষের সঙ্গে আরেক বিজেপি নেতা মনোজ ত্রিপাঠীর পরিবারের দীর্ঘদিনের বিরোধ চলছিল। সময়ের সঙ্গে সেই বিরোধ আরও তীব্র হয়ে ওঠে।

বিজ্ঞাপন

ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধিরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা বলছেন, কোরিয়া জেলায় এমন নৃশংস ঘটনা আগে কখনও ঘটেনি। অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই জানিয়েছেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD