সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ

সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি নিয়ে বিরোধ অব্যাহত থাকলে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধের সম্ভাবনার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
বিজ্ঞাপন
পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পানি পাকিস্তানের জাতীয় নিরাপত্তার অংশ। তিনি বলেন, পানি সরবরাহ গুরুতর হুমকির মুখে পড়েছে বলে মনে হলে দেশটি ভারতের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত নিতে পারে।
তবে তিনি আরও বলেন, সিন্ধু নদের পানিপ্রবাহ ব্যাহত করতে ভারত যদি ‘উদ্বেগজনক গতিতে’ কোনো পদক্ষেপ নেয়—এমন নির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে তবেই সামরিক পদক্ষেপ বিবেচনা করবে ইসলামাবাদ।
বিজ্ঞাপন
উল্লেখ্য, হিমালয়ের কৈলাস পর্বতের বোখার-চু হিমবাহ থেকে উৎপন্ন সিন্ধু নদ এশিয়ার অন্যতম দীর্ঘ নদ, যা ভারত ও পাকিস্তান হয়ে আরব সাগরে গিয়ে মিশেছে। এই নদ ও এর ছয়টি উপনদীর পানি ব্যবহারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে দুই প্রতিবেশী দেশের মধ্যে।
বিরোধ নিরসনে ১৯৬০ সালের সেপ্টেম্বরে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয় ইন্ডাস ওয়াটার ট্রিটি। চুক্তি অনুযায়ী, পূর্বাঞ্চলের তিন নদী ইরাবতী, বিপাশা ও শতদ্রুর পানি ব্যবহারের অধিকার পায় ভারত, আর পশ্চিমাঞ্চলের তিন নদী সিন্ধু, ঝিলাম ও চেনাবের অধিকাংশ পানি ব্যবহারের সুযোগ পায় পাকিস্তান।
বিজ্ঞাপন
চুক্তিতে একতরফাভাবে স্থগিত বা বাতিলের কোনো বিধান নেই। তবে ২০২৫ সালে জম্মু-কাশ্মিরের পেহেলগাঁও এলাকায় পর্যটকদের ওপর হামলার ঘটনার পর ভারত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করে, যা এখনো প্রত্যাহার করা হয়নি।
সূত্র : এআরওয়াই নিউজ, এনডিটিভি অনলাইন








