Logo

যুক্তরাষ্ট্র–ইরান প্রথম দফা আলোচনা শেষ, গুরুত্বপূর্ণ অগ্রগতি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২২ জুন, ২০২৬, ১৩:৩৭
যুক্তরাষ্ট্র–ইরান প্রথম দফা আলোচনা শেষ, গুরুত্বপূর্ণ অগ্রগতি
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা শেষ হয়েছে। মধ্যস্থতাকারীদের মতে, এ বৈঠকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বিষয়টি জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, আলোচনার শুরুটা ছিল উত্তেজনাপূর্ণ। একই সময়ে তেহরান হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয়, আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন হামলার হুমকি দেন।

মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তানের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, দুই পক্ষ আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নিয়ে একটি ‘রোডম্যাপে’ সম্মত হয়েছে।

বিজ্ঞাপন

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে কারিগরি পর্যায়ের আলোচনা চলতি সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে।

বিবৃতিতে আরও জানানো হয়, উভয় পক্ষ লেবাননে সংঘাত কমাতে সম্মত হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে একটি সমন্বয় ব্যবস্থা চালুর বিষয়েও আলোচনা হয়েছে।

এর আগে গত বুধবার যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়াতে একটি সমঝোতা স্মারক সই হয়। সেই অনুযায়ী যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রোববার ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শুরু করেন, যা সোমবার ভোরে শেষ হয়।

বিজ্ঞাপন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, আলোচনায় তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ অর্থ ছাড় এবং পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনার অগ্রগতি নিয়ে সমঝোতা হয়েছে।

রয়টার্সের তথ্যমতে, আলোচনা আপাতত শেষ হয়েছে কি না—এ বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিক কোনো মন্তব্য দেয়নি।

বিজ্ঞাপন

আলোচনার আগে মার্কিন পক্ষ থেকে হরমুজ প্রণালি বন্ধের বিষয়ে কঠোর বার্তা দেওয়া হয়। অন্যদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়, চাপের মুখে তারা আলোচনায় ফিরতে অস্বীকৃতি জানিয়েছিল, যদিও মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ অব্যাহত ছিল।

এক মার্কিন কূটনীতিক জানান, আলোচনা চলাকালে হরমুজ প্রণালি, লেবাননের পরিস্থিতি, পরমাণু ইস্যু এবং সমঝোতা বাস্তবায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন

মার্কিন কর্মকর্তাদের মতে, উচ্চপর্যায়ের এই আলোচনা সোমবার শেষ হওয়ার কথা থাকলেও কারিগরি কমিটি পরবর্তী ধাপের প্রস্তুতি হিসেবে সেখানেই অবস্থান করছে।

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD