হরমুজ প্রণালিকে নিয়ন্ত্রণে আনার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

হরমুজ প্রণালি নিয়ে ফের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে প্রণালি বন্ধের সিদ্ধান্তের পর ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, অবরোধ প্রত্যাহার না করলে যুক্তরাষ্ট্র প্রয়োজনে এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথের নিয়ন্ত্রণ নেবে।
বিজ্ঞাপন
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আপনারা যদি হরমুজ বন্ধের সিদ্ধান্ত না প্রত্যাহার করেন, তাহলে সবকিছু হারাবেন। এমনকি সুইজারল্যান্ডে আলোচনায় থাকা ইরানি প্রতিনিধিরাও দেশে ফিরতে পারবেন না।”
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকার প্রতিবাদে ইরান সম্প্রতি হরমুজ প্রণালি আবার বন্ধ করে দেয়। তেহরানের দাবি, লেবাননে সংঘাত বন্ধের শর্ত পূরণ না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুইজারল্যান্ডে একটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছিল, যেখানে দীর্ঘমেয়াদি চুক্তির রূপরেখা নির্ধারণের চেষ্টা চলছে।
ট্রাম্প আরও বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে এবং সেখানে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায় করা হতে পারে। তার ভাষায়, কোনো চুক্তি না হলে এই প্রণালিতে কর আরোপ শুরু করবে ওয়াশিংটন।
তিনি দাবি করেন, হরমুজ দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের পণ্যের মূল্যের প্রায় ২০ শতাংশ পর্যন্ত কর নেওয়া হতে পারে।
বিজ্ঞাপন
ট্রাম্পের মতে, মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ায় নিরাপত্তা বজায় রাখতে যুক্তরাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করছে, তাই এই খরচের ক্ষতিপূরণ হিসেবে টোল আদায় যুক্তিযুক্ত। তিনি যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে “বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পথের অভিভাবক” বলেও উল্লেখ করেন।
এদিকে ট্রাম্পের এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ভাষা ব্যবহারে সতর্ক থাকতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের প্রতিরক্ষা বাহিনী যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত।
বিজ্ঞাপন
সূত্র: এপি, ইন্ডিয়া টুডে








