Logo

সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের শীর্ষে বাংলাদেশ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৭ জুলাই, ২০২৬, ২১:৫৫
সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের শীর্ষে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

চলতি বছরের শুরু থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। একই সময়ে আগের দুই বছরের তুলনায় ইতালিতে সমুদ্রপথে পৌঁছানো মোট অভিবাসীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে।

বিজ্ঞাপন

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেশটির উপকূলে পৌঁছেছেন মোট ১৪ হাজার ৬২৩ জন অভিবাসী।

পরিসংখ্যান অনুযায়ী, এ সময় ইতালিতে পৌঁছানো বাংলাদেশি অভিবাসীর সংখ্যা ৪ হাজার ৩১৪ জন, যা মোট আগতদের প্রায় এক-তৃতীয়াংশ। এ তালিকায় বাংলাদেশের পর রয়েছে সোমালিয়া, যেখান থেকে পৌঁছেছেন ১ হাজার ৭০২ জন। এরপর রয়েছে সুদান (১ হাজার ৩৭১), পাকিস্তান (১ হাজার ১৮৫), আলজেরিয়া (১ হাজার ১০৬), মিশর (৯৩৬), ইরিত্রিয়া (৬৬২), তিউনিসিয়া (৬২৬), মালি (৩১০), নাইজেরিয়া (২৯১), আইভরি কোস্ট (২১৬), ইথিওপিয়া (১৯৯), ইরান (১৮৩), দক্ষিণ সুদান (১৮০) এবং গিনি (১৭৯)।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ছাড়া বিভিন্ন দেশের আরও ১ হাজার ১৬৩ জন অভিবাসী ইতালিতে পৌঁছেছেন। এদের মধ্যে এমন ব্যক্তিরাও রয়েছেন, যাদের পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া এখনও চলমান।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, চলতি বছর সমুদ্রপথে ইতালিতে অভিবাসী পৌঁছানোর হার আগের দুই বছরের তুলনায় অনেক কমেছে। ২০২৫ সালের একই সময়ে ইতালিতে পৌঁছেছিলেন ৩১ হাজার ৪৩০ জন অভিবাসী। ২০২৪ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ২৬ হাজার ৬৬৪ জন। সেখানে ২০২৬ সালের একই সময় পর্যন্ত পৌঁছেছেন ১৪ হাজার ৬২৩ জন, যা ২০২৫ সালের তুলনায় প্রায় ৫৩ শতাংশ এবং ২০২৪ সালের তুলনায় প্রায় ৪৫ শতাংশ কম।

মাসভিত্তিক তথ্যেও একই প্রবণতা দেখা গেছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রতিটি মাসেই সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীর সংখ্যা আগের দুই বছরের একই সময়ের তুলনায় কম ছিল। জানুয়ারিতে ১ হাজার ৪৫৭ জন, ফেব্রুয়ারিতে ২ হাজার ৫১০ জন, মার্চে ২ হাজার ১৫০ জন, এপ্রিলে ২ হাজার ৪৫৯ জন, মে মাসে ৩ হাজার ৫৪ জন এবং জুনে ২ হাজার ৭৫৮ জন ইতালিতে পৌঁছেছেন।

বিজ্ঞাপন

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত নথিভুক্ত সমুদ্রপথে আগমনের তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান তৈরি করা হয়েছে। পরবর্তী যাচাই-বাছাই শেষে সংখ্যায় সামান্য পরিবর্তন আসতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD