আরব সাগরে ৫ ক্রুসহ নিখোঁজ পাকিস্তানি কার্গো বিমান

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পাকিস্তানের করাচির উদ্দেশে উড্ডয়ন করা একটি পাকিস্তানি কার্গো উড়োজাহাজ আরব সাগরের আকাশে ৫ জন ক্রুসহ নিখোঁজ হয়েছে। বিমানটির সন্ধানে নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে ব্যাপক অনুসন্ধান অভিযান চলছে।
বিজ্ঞাপন
পাকিস্তানের একটি বেসরকারি বিমান পরিবহন প্রতিষ্ঠানের মালিকানাধীন উড়োজাহাজটি মঙ্গলবার (৭ জুলাই) স্থানীয় সময় রাত ৯টা ২১ মিনিটের দিকে রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং সেবার তথ্য অনুযায়ী, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় বিমানটি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের গাওদার জেলার ওরমারা উপকূলসংলগ্ন আরব সাগরের আকাশে অবস্থান করছিল।
ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য বলছে, নিখোঁজ হওয়ার আগে বিমানটি প্রায় ৩৫ হাজার ফুট উচ্চতায় ঘণ্টায় ৭৯০ কিলোমিটার গতিতে উড়ছিল। তবে মাত্র পাঁচ মিনিটের মধ্যে এটি প্রায় ৩৪ হাজার ফুট নিচে নেমে আসে এবং গতি কমে ঘণ্টায় ২১১ কিলোমিটারে দাঁড়ায়। পরে আবার উচ্চতা বাড়ানোর চেষ্টা করলেও অল্প সময়ের মধ্যেই এটি রাডার থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়।
পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে বিমানটি করাচি উপকূল থেকে প্রায় ১৫৫ নটিক্যাল মাইল পশ্চিমে অবস্থান করছিল।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে, উড়োজাহাজটিতে ছিলেন পাইলট মুহম্মদ রিজওয়ান ইদ্রিস, ফার্স্ট অফিসার ফয়সাল মেহমুদ, লোডমাস্টার মুহম্মদ তৌফিক, প্রকৌশলী আরিফ সিদ্দিকী এবং আরেক ক্রু সদস্য মুহম্মদ হামিদ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিমানটি দ্রুত নিচে নেমে আসার সময় পাইলট কোনো ‘মে-ডে’ বা জরুরি সংকেত পাঠাননি।
বিজ্ঞাপন
ঘটনার পর বিমানটির মালিক প্রতিষ্ঠানের করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন কার্যালয় সিলগালা করেছে কর্তৃপক্ষ, যাতে সংশ্লিষ্ট নথি ও তথ্য সংরক্ষিত থাকে।
নিখোঁজ উড়োজাহাজটির সন্ধানে পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ পিএনএস জুলফিকার ও পিএনএস হুনিয়ানকে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিমান বাহিনীর নজরদারি উড়োজাহাজও অনুসন্ধান অভিযানে অংশ নিয়েছে।
সূত্র: জিও নিউজ








