Logo

বিদেশি অপরাধীদের নিজ দেশে দ্রুত ফেরত পাঠাবে ইতালি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ জুলাই, ২০২৬, ২০:০৮
বিদেশি অপরাধীদের নিজ দেশে দ্রুত ফেরত পাঠাবে ইতালি
ছবি: সংগৃহীত

সাজাপ্রাপ্ত বিদেশি অপরাধীদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো এবং তাদের ইতালীয় নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া সহজ করতে নতুন আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে ইতালি। এ লক্ষ্যে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন ক্ষমতাসীন ডানপন্থী জোটের অন্যতম দল একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছে।

বিজ্ঞাপন

বুধবার উত্থাপিত ওই প্রস্তাবে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের কোনো দেশের নাগরিক ইতালিতে এক বছরের বেশি কারাদণ্ডে দণ্ডিত হলে তাকে নিজ দেশে প্রত্যাবাসন করা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতি থাকুক বা না থাকুক, তা প্রত্যাবাসনের ক্ষেত্রে বিবেচ্য হবে না।

সংসদে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলোনির দল ব্রাদার্স অব ইতালি–এর সদস্যরা জানান, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির আওতায় এই প্রত্যাবাসন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

তবে প্রস্তাব অনুযায়ী, দণ্ডিত ব্যক্তি সীমিত কিছু কারণে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। যেমন—নিজ দেশে ফেরত গেলে অমানবিক আচরণ বা মৃত্যুদণ্ডের ঝুঁকি থাকলে তিনি আইনি চ্যালেঞ্জ জানাতে পারবেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া, যাদের প্রত্যাবাসন করা হবে তাদের ইতালিতে পুনরায় প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা রয়েছে। দলটির আইনপ্রণেতা সারা কেলানি বলেন, নতুন প্রস্তাবের মাধ্যমে এমন কিছু অপরাধের আওতা বাড়ানো হবে, যাতে বিদেশি বংশোদ্ভূত অপরাধীদের ইতালীয় নাগরিকত্ব বাতিল করা আরও সহজ হয়।

এদিকে, ক্ষমতাসীন জোটের আরেক শরিক দল দ্য লিগ ইতোমধ্যে নাগরিকত্ব সংক্রান্ত আইন আরও কঠোর করার পাশাপাশি নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া সহজ করতে পৃথক একটি প্রস্তাব নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

আগামী বছর ইতালিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর আগে অভিবাসনবিরোধী নতুন ডানপন্থী আন্দোলন ফুতুরো নাৎসিওনালে-এর উত্থানে শাসক জোটের দুটি দলই রাজনৈতিক চাপের মুখে পড়েছে। বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে, নতুন এই আন্দোলনের দিকে শাসক দলের কিছু সমর্থক ঝুঁকে পড়ছেন।

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD