হরমুজ প্রণালি খোলার শর্তে অনড় ইরান

হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছে ইরান। পারস্য উপসাগর ও লোহিত সাগরে যুক্তরাষ্ট্র ও ইয়েমেনের হুথিদের মধ্যে জাহাজে হামলার ঘটনা চলার মধ্যেও তেহরান তাদের শর্ত থেকে সরে আসেনি। এরই মধ্যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইরান সফর করেছেন।
বিজ্ঞাপন
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নবনিযুক্ত প্রধান মোহসেন রেজাই তেহরানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে জানিয়েছেন, হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে হলে যুক্তরাষ্ট্রকে সামরিক অভিযান বন্ধ করার পাশাপাশি বিদেশে আটকে থাকা ইরানের তহবিল ছেড়ে দিতে হবে।
ইরানি গণমাধ্যমকে রেজাই বলেন, যুক্তরাষ্ট্র তাদের আচরণ পরিবর্তন করে ইরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খোলা হবে না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং গাজা ও লেবাননসহ পুরো অঞ্চলে যুদ্ধবিরতিরও দাবি জানান।
রেজাই বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ ও অবরোধ বন্ধ না করা, ইরানের জব্দ সম্পদ ফিরিয়ে না দেওয়া এবং লেবানন ও গাজাসহ পুরো অঞ্চলে যুদ্ধবিরতিতে সম্মত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না। সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত প্রণালিটি বন্ধ থাকবে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
এ বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে মঙ্গলবার মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ওমান উপসাগরে পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজের স্টিয়ারিং গিয়ার অচল করতে মার্কিন নৌবাহিনীর একটি এমএইচ-৬০ হেলিকপ্টার থেকে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
বিজ্ঞাপন
মার্কিন বাহিনীর দাবি, জাহাজটি ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ লঙ্ঘন বন্ধের জন্য দেওয়া একাধিক সতর্কবার্তা উপেক্ষা করেছিল।
অন্যদিকে ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে বাব এল-মান্দেব প্রণালিতে একটি ছোট পণ্যবাহী জাহাজে সন্দেহভাজন হুথি হামলায় চার নাবিক নিহত হয়েছেন। ইয়েমেনের কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, হুথিবিরোধী একটি সামরিক গোষ্ঠীর দুই ইয়েমেনি উদ্ধারকর্মীও এ ঘটনায় নিহত হয়েছেন।
মিশরীয় মালিকানাধীন ‘তিহামাহ’ জাহাজে হামলার এ ঘটনাকে ফেব্রুয়ারির শেষদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর নৌযানের ওপর চালানো প্রথম হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
হুথি-পরিচালিত সংবাদমাধ্যম সাবা জানিয়েছে, বাব এল-মান্দেবে সামরিক সরঞ্জাম বহনকারী একটি সৌদি জাহাজে হামলা চালিয়েছে গোষ্ঠীটি। তবে জাহাজটির নাম প্রকাশ করা হয়নি। এ ঘটনায় সৌদি আরবের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা








