কারাগারে মৃত্যু ইমরান খানের? আন্দোলনের হুঁশিয়ারি দিল পিটিআই

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি এই সাবেক প্রধানমন্ত্রীর ‘মৃত্যু হয়েছে’—এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে তিনি আদৌ জীবিত আছেন কি না, তা নিয়েও নানা প্রশ্ন উঠেছে।
বিজ্ঞাপন
এর মধ্যে পাকিস্তানি সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খান দাবি করেছেন, ইমরান খান আর বেঁচে নেই। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই সাংবাদিক সামরিক সূত্রের বরাত দিয়ে এমন দাবি করেছেন। তবে তার এই দাবির পক্ষে স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য পাওয়া যায়নি।
ইমরান খানের মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, দীর্ঘদিন ধরে ইমরান খানের বোন, আইনজীবী ও ব্যক্তিগত চিকিৎসকদের আদিয়ালা কারাগারে তার সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হচ্ছে না।
পিটিআই ইমরান খানের শারীরিক অবস্থা সরাসরি যাচাই করে নিশ্চিত করার দাবি জানিয়েছে। দলটির নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, এ বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত না হলে ইসলামাবাদ অভিমুখে বড় ধরনের লংমার্চ ও বিক্ষোভ কর্মসূচি নেওয়া হবে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীসহ দলটির জ্যেষ্ঠ নেতারা অন্তত ২০ লাখ সমর্থক নিয়ে আন্দোলনের কথাও জানিয়েছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
অন্যদিকে পাকিস্তান সরকার পিটিআইয়ের অভিযোগ ও আন্দোলনের হুমকিকে ভিত্তিহীন এবং রাজনৈতিক কৌশল হিসেবে অভিহিত করেছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ইমরান খানের মৃত্যুর খবরও প্রত্যাখ্যান করেছে। ফলে তার মৃত্যুর দাবির বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য নেই।
পিটিআইয়ের আলটিমেটামের পরিপ্রেক্ষিতে ইসলামাবাদের প্রবেশপথগুলোতে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞাপন
এর আগেও গত বছর ইমরান খানের মৃত্যুর মতো একই ধরনের গুঞ্জন ছড়িয়েছিল। পরে তার বোন উজমা খানম কারাগারে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করার পর পরিস্থিতি শান্ত হয়। তবে এবার দীর্ঘদিন ধরে স্বজন ও চিকিৎসকদের সাক্ষাৎ করতে না দেওয়ার অভিযোগে উদ্বেগ আরও বেড়েছে।
২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি ইমরান খান বর্তমানে আদিয়ালা কারাগারে রয়েছেন। তার স্বাস্থ্য ও কারাবন্দি অবস্থাকে ঘিরে এর আগেও বিভিন্ন দাবি ও বিতর্ক দেখা দিয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে তার আইনজীবী কারাগারে সাক্ষাৎ করে ইমরান খানকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় দেখেছেন বলে জানিয়েছিলেন।








