Logo

ভারতের পশ্চিমবঙ্গে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৮, আহত ১৩

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ আগস্ট, ২০২৬, ১৮:৩৬
ভারতের পশ্চিমবঙ্গে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৮, আহত ১৩
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তীর্থস্থান তারাপীঠে একটি বেসরকারি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৩ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোমবার (১৭ আগস্ট) সকালে তারাপীঠ থানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, তারাপীঠ মন্দিরের কাছের ওই হোটেলের নিচতলায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন হোটেলের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। ঘটনার সময় হোটেলের কক্ষগুলোতে বেশ কয়েকজন অতিথি অবস্থান করছিলেন। তাদের অধিকাংশই তারাপীঠ মন্দিরে পূজা দিতে সেখানে গিয়েছিলেন।

আগুনের খবর পেয়ে স্থানীয়রা তারাপীঠ থানা ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট সেখানে যোগ দেয়। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

হোটেলের ভেতরে আটকে পড়া লোকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আটজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অন্তত ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অগ্নিকাণ্ড থেকে পরিবারের কয়েকজনকে উদ্ধার করতে পারলেও স্বজনদের কয়েকজনের খোঁজ না পাওয়ার কথা জানিয়েছেন আহত এক নারী। মুনমুন মণ্ডল জানান, তারাপীঠ মন্দিরে পূজা দিতে পরিবারের সদস্যদের নিয়ে ওই হোটেলে উঠেছিলেন তারা। সঙ্গে ছিলেন তার মা, ভাই, ভাইয়ের স্ত্রী, দুই সন্তান ও পরিবারের একজন পরিচারক। আগুন লাগার পর তিনি দুই সন্তান ও বৃদ্ধ মাকে হোটেলের নিচে নামিয়ে আনতে সক্ষম হন। তবে পরিবারের অন্য সদস্যদের বিষয়ে তখনও কোনো তথ্য পাননি।

বীরভূম জেলার অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অব পুলিশ নিলেশ শ্রীকান্ত গায়কর জানান, এখন পর্যন্ত উদ্ধার হওয়া সবাইকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে ১২ থেকে ১৩ জনের চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD