যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া

যুদ্ধকালীন সামরিক নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিজেদের হাতে ফিরিয়ে নিতে চায় দক্ষিণ কোরিয়া। ২০৩০ সালে বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই যুদ্ধকালীন অপারেশনাল কন্ট্রোল (অপকন) পুনরুদ্ধারের লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৮ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এ পরিকল্পনার কথা জানান। একই সঙ্গে দেশের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।
বৈঠকে লি জে মিয়ং বলেন, ক্ষমতায় আসার পর থেকেই তার সরকার অপকন ফিরিয়ে আনার বিষয়ে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে। পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হতে পারলে বর্তমান সরকারের মেয়াদেই যুদ্ধকালীন সামরিক নিয়ন্ত্রণ দক্ষিণ কোরিয়ার কাছে ফিরিয়ে আনা সম্ভব হবে।
বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
বিজ্ঞাপন
যৌথ সামরিক মহড়ার মধ্যেই ঘোষণা
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরুর পরই অপকন ফেরানোর বিষয়ে নতুন করে অঙ্গীকার করলেন লি। গত সোমবার (১৭ আগস্ট) দুই দেশ ‘উলচি ফ্রিডম শিল্ড’ নামে পরিচিত গ্রীষ্মকালীন সামরিক মহড়া শুরু করেছে।
এরই মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় লি জে মিয়ং অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া ‘উল্লেখযোগ্যভাবে’ কমানোর নির্দেশ পেন্টাগনকে দেওয়ার কথা জানান।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়াকে উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখে আসছে। ফলে ট্রাম্পের এমন অবস্থানকে উত্তর কোরিয়ার সঙ্গে ভবিষ্যৎ আলোচনার সম্ভাব্য উদ্যোগ হিসেবেও দেখছেন বিশ্লেষকদের কেউ কেউ।
নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতায় জোর
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সম্পর্কের নানা টানাপোড়েনের মধ্যেই নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর উদ্যোগ জোরদার করছে দক্ষিণ কোরিয়া। প্রেসিডেন্ট লির মতে, নিজেদের সামরিক সক্ষমতা শক্তিশালী করতে পারলে মিত্র হিসেবে দক্ষিণ কোরিয়ার গুরুত্বও বাড়বে।
এরই অংশ হিসেবে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন সংগ্রহের প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন লি। পাশাপাশি দেশটির তিনটি সামরিক একাডেমিকে একীভূত করার পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশও দেওয়া হয়েছে।
কীভাবে যুক্তরাষ্ট্রের হাতে গেল নিয়ন্ত্রণ
বিজ্ঞাপন
দক্ষিণ কোরিয়ার যুদ্ধকালীন সামরিক নিয়ন্ত্রণ বর্তমানে যুক্তরাষ্ট্রের হাতে। ১৯৫০ থেকে ১৯৫৩ সালের কোরীয় যুদ্ধের সময় দক্ষিণ কোরিয়া তাদের সামরিক বাহিনীর অপারেশনাল নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জাতিসংঘ কমান্ডের কাছে হস্তান্তর করে।
পরবর্তীতে ১৯৭৮ সালে দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র যৌথ বাহিনী কমান্ড প্রতিষ্ঠিত হলে যুদ্ধকালীন সামরিক নিয়ন্ত্রণ ওই কমান্ডের অধীনে চলে যায়। তবে ১৯৯৪ সালে শান্তিকালীন সামরিক নিয়ন্ত্রণ দক্ষিণ কোরিয়া নিজেদের হাতে ফিরিয়ে নিলেও যুদ্ধকালীন নিয়ন্ত্রণ এখনো যুক্তরাষ্ট্রের কাছেই রয়েছে।
সূত্র: দ্য কোরিয়া টাইমস








