Logo

ট্রাম্প উত্তেজনা বাড়ালে এবার ইউরোপজুড়ে হামলা করা হবে: ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ আগস্ট, ২০২৬, ১৮:০৮
ট্রাম্প উত্তেজনা বাড়ালে এবার ইউরোপজুড়ে হামলা করা হবে: ইরান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে উত্তেজনা বাড়ালে ইউরোপে থাকা মার্কিন স্থাপনায় হামলার বিষয়টি বিবেচনা করছে ইরান। দেশটির নেতাদের বরাতে এমন তথ্য প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন

ইরানের সম্ভাব্য লক্ষ্যগুলোর মধ্যে দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ বুলগেরিয়া ও সাইপ্রাসের নাম উঠে এসেছে। বুলগেরিয়া গত মাসে তাদের বাজমার বিমানঘাঁটিতে মার্কিন সামরিক বিমানকে জ্বালানি নেওয়ার অনুমতি দিয়েছিল। অন্যদিকে, সাইপ্রাসে গত মার্চে ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছিল।

এ ছাড়া যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে হামলা চালালে হরমুজ প্রণালির নিচ দিয়ে যাওয়া সাবমেরিন ফাইবার-অপটিক যোগাযোগ ক্যাবলও সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে ৪০ দিন ধরে চলা সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি হয়। এটি ইসলামাবাদ সমঝোতা স্মারক নামে পরিচিতি পায়। ওই সময়ের মধ্যে দুই দেশের আলোচনায় বসার কথা থাকলেও শেষ পর্যন্ত কোনো আলোচনা ছাড়াই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ পদগুলোতে কট্টরপন্থিদের নিয়োগ দিয়েছেন। এদিকে ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, এই মুহূর্তে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা চলছে না।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি আবারও বড় ধরনের হামলা চালায়, তাহলে ইরানের পাল্টা জবাব শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বিশ্বের বিভিন্ন দেশে থাকা মার্কিন স্থাপনাও হামলার লক্ষ্য হতে পারে।

বিজ্ঞাপন

যুদ্ধের শুরুতেই ইরান দূরপাল্লার হামলার সক্ষমতার ইঙ্গিত দিয়েছিল। সে সময় ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়াকে লক্ষ্য করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। তবে প্রায় চার হাজার কিলোমিটার দূরের ওই ঘাঁটিতে ক্ষেপণাস্ত্রগুলো পৌঁছাতে পারেনি। ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে তুরস্কও সে সময় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছিল।

এদিকে যুদ্ধবিরতির মধ্যেই গত মাসে জর্ডানে ইরানের একটি হামলায় তিন মার্কিন সেনা নিহত হন। এর মধ্য দিয়ে দূরবর্তী লক্ষ্যবস্তুতে হামলার সক্ষমতার বিষয়টি তেহরান আবারও তুলে ধরেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD