Logo

পরমাণু হামলা হলে সমান জবাবের হুঁশিয়ারি ইরানের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ আগস্ট, ২০২৬, ২১:৩৩
পরমাণু হামলা হলে সমান জবাবের হুঁশিয়ারি ইরানের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করলে তেহরানও একই ধরনের জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির এক আইনপ্রণেতা। বুধবার (১৯ আগস্ট) স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ সতর্কবার্তা দেন ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির সদস্য ফাদা হোসেন মালেকি।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরমাণু হামলার আশঙ্কা সম্পর্কে জানতে চাইলে মালেকি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে পারেন—এমন সম্ভাবনা তিনি উড়িয়ে দিচ্ছেন না। তবে এ ধরনের পদক্ষেপ নেওয়ার সাহস তিনি দেখাবেন বলে মনে করেন না। কারণ, এমন সিদ্ধান্ত পুরো বিশ্বকে ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।

মালেকি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হামলা চালালে তেহরান তার যথাযথ জবাব দেবে। যে ধরনের অস্ত্র দিয়ে ইরানের ওপর হামলা করা হবে, প্রতিক্রিয়াও সেই অনুযায়ী হবে বলে তিনি সতর্ক করেন।

যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র ব্যবহার করলে ইরানও পাল্টা পরমাণু অস্ত্র ব্যবহার করবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওয়াশিংটন যে ধরনের অস্ত্রই ব্যবহার করুক, তেহরানের প্রতিক্রিয়াও একই ধরনের হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে ইরানের কাছে পরমাণু অস্ত্র রয়েছে কি না, সে বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি এই আইনপ্রণেতা।

ওয়াশিংটনকে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে সতর্ক করে মালেকি বলেন, ইরানের হাতে বিভিন্ন ধরনের বিকল্প রয়েছে। যুক্তরাষ্ট্রের যেকোনো পদক্ষেপের জবাব সমান মাত্রায় কিংবা আরও কঠোরভাবে দেওয়া হতে পারে।

বিজ্ঞাপন

ইরানের সামরিক সক্ষমতার অনেক কিছু এখনো প্রকাশ্যে আসেনি বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, তেহরান বর্তমানে শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে নেই; বরং সক্রিয় ও আক্রমণাত্মক প্রতিরোধ নীতি গ্রহণ করেছে।

এদিকে তেহরান ও ওয়াশিংটনের স্থবির হয়ে পড়া আলোচনা প্রসঙ্গে মালেকি অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দুই দেশের সমঝোতা স্মারকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেননি। ওয়াশিংটন আগের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে ইরান আলোচনায় ফিরবে না বলেও জানান তিনি।

তার মতে, আলোচনা পুনরায় শুরু না হলে হরমুজ প্রণালিসহ অন্যান্য জটিল বিষয়গুলোর সমাধান করা কঠিন হবে।

বিজ্ঞাপন

ওমানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে চলমান আলোচনার প্রসঙ্গে মালেকি বলেন, এটি সম্পূর্ণ আলাদা একটি দ্বিপক্ষীয় বিষয়। সেখানে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের প্রস্তাব তেহরান প্রত্যাখ্যান করেছে।

যুদ্ধ বন্ধ এবং চূড়ান্ত সমঝোতার পথ তৈরি করতে গত জুনের মাঝামাঝি পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারকে সই করেছিল। তবে সেটি বাস্তবায়ন ও হরমুজ প্রণালি নিয়ে মতবিরোধের জেরে পরবর্তী সময়ে দুই দেশের আলোচনা থেমে যায়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়। এর প্রতিক্রিয়ায় তেহরানও ইসরায়েল এবং ওই অঞ্চলে থাকা মার্কিন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায়।

বিজ্ঞাপন

সূত্র: আনাদোলু

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD