কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

কেনিয়ায় একটি পর্যটন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগের প্রধান মাইকেল সেনসি কন্টুগি, তার স্ত্রী স্টেফানি কন্টুগি এবং পাঁচ মার্কিন নাগরিক নিহত হয়েছেন। হেলিকপ্টারটির চালকসহ মোট আটজন আরোহী ছিলেন, যাদের সবাই দুর্ঘটনায় প্রাণ হারান।
বিজ্ঞাপন
বুধবার (১৯ আগস্ট) সকালে কেনিয়ার রাজধানী নাইরোবির উত্তরে সামুবুরু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, হেলিকপ্টারটি দেশটির উত্তরাঞ্চলের লোইসাবা ওয়াইল্ডলাইফ রিজার্ভ থেকে যাত্রা শুরু করেছিল।
দুর্ঘটনাস্থলটি ছিল পাহাড়ি ও দুর্গম এলাকায়। কেনিয়া রেডক্রসের প্রকাশ করা ছবিতে দেখা যায়, মাটিতে আছড়ে পড়ার পর হেলিকপ্টারটিতে আগুন ধরে যায় বলে ধারণা করা হচ্ছে। দুর্গম ভূখণ্ডের কারণে উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয়।
কেনিয়ার এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন বিভাগের পরিচালক ফ্রেডরিক কাবুঙ্গে জানান, হেলিকপ্টারটিতে একজন চালকসহ মোট আটজন ছিলেন। দুর্ঘটনায় সবাই নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সামুবুরু জেলার পুলিশ কর্মকর্তা ডেভিড এনকোরোই জানান, দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। তবে অন্ধকার, দুর্গম পাহাড়ি এলাকা ও ঘটনাস্থলের জটিল অবস্থার কারণে রাতের মতো উদ্ধার অভিযান স্থগিত করা হয়। বৃহস্পতিবার সকালে আবার অভিযান শুরুর কথা জানানো হয়।
ইকুয়েডরের গোয়েন্দাপ্রধান মাইকেল সেনসি কন্টুগি ও তার স্ত্রী স্টেফানি কন্টুগি দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি প্রথম নিশ্চিত করেন দেশটির পরিবহনমন্ত্রী রবার্তো লুকু। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি তাদের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বিজ্ঞাপন
৪২ বছর বয়সী মাইকেল সেনসি কন্টুগি ২০২৪ সালে ইকুয়েডরের রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পান। তিনি দেশটির ডানপন্থি প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার ঘনিষ্ঠ ও আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন।
এদিকে কেনিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচ মার্কিন নাগরিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে নিহত মার্কিন নাগরিকদের পরিচয় বা দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
সূত্র: এএফপি








