যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

যুক্তরাষ্ট্রের আলাস্কার প্রত্যন্ত পশ্চিমাঞ্চলে একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ আট আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের দিকে কেপ নিউয়েনহ্যাম দীর্ঘ-পাল্লার রাডার স্থাপনার কাছে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
মার্কিন সামরিক বাহিনী জানায়, বিমানটি সামরিক বাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ একটি বেসামরিক উড়োজাহাজ ছিল। এটি আলাস্কার অ্যাঙ্করেজ থেকে কেপ নিউয়েনহ্যামের উদ্দেশে যাত্রা করেছিল। অবতরণের সময় বিমানটি রাডার স্থাপনার কাছাকাছি বিধ্বস্ত হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল দুই ইঞ্জিনবিশিষ্ট সেসনা ৪৪১ মডেলের। এতে দুই পাইলট ও ছয় যাত্রী ছিলেন। বিমানটি অ্যাঙ্করেজ থেকে প্রায় ৪৫০ মাইল পশ্চিমে অবস্থিত কেপ নিউয়েনহ্যামের দিকে যাচ্ছিল। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন
আলাস্কান কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও সংশ্লিষ্টদের সহায়তা করাই এখন তাদের প্রধান অগ্রাধিকার।
কেপ নিউয়েনহ্যামের রাডার স্থাপনাটি আলাস্কার আকাশসীমা ও সীমান্ত এলাকায় বিমান চলাচল পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত একটি সামরিক নজরদারি নেটওয়ার্কের অংশ। এটি প্যাসিফিক এয়ার ফোর্সেস আঞ্চলিক সহায়তা কেন্দ্রের অধীনে পরিচালিত হয়।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড ও ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ।








