৯ দিন ধরে বিদ্যুৎহীন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা, দুর্ভোগ চরমে

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে ভয়াবহ ঝড়ের পর টানা নয় দিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন হাজার হাজার মানুষ। দীর্ঘস্থায়ী এই বিদ্যুৎ বিপর্যয়ে খাদ্য সংকট, স্কুল বন্ধসহ নানা ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। অনেকের মোবাইল ফোন পর্যন্ত চার্জ দেওয়ার সুযোগ নেই। এর মধ্যে পার্শ্ববর্তী ওহাইও অঙ্গরাজ্যের রাজধানী কলম্বাসে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
বিজ্ঞাপন
১১ আগস্টের শক্তিশালী ঝড়ে ইন্ডিয়ানার বিভিন্ন এলাকায় গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বৃহস্পতিবার (২০ আগস্ট) পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি। গ্যারি শহরসহ উত্তর-পশ্চিম ইন্ডিয়ানার বিভিন্ন এলাকায় পরিস্থিতি সবচেয়ে বেশি নাজুক।
স্থানীয় বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যমে খোলা লন্ড্রোম্যাট, ওয়াই-ফাই সুবিধা, খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর খোঁজ করছেন। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় অনেক পরিবারকে ঘরে থাকা খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য ফেলে দিতে হয়েছে।
নর্দার্ন ইন্ডিয়ানা পাবলিক সার্ভিস কোম্পানি জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রায় ৬৮ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন ছিলেন। তাদের বেশিরভাগই ইলিনয় সীমান্তবর্তী লেক কাউন্টির বাসিন্দা। ১১ আগস্টের ঝড়ের পর প্রতিষ্ঠানটি প্রায় ৩ লাখ ৬ হাজার ৫০০ গ্রাহকের সংযোগ পুনঃস্থাপন করেছে। তবে গ্যারি শহরসহ কিছু এলাকায় আগামী মঙ্গলবারের আগে বিদ্যুৎ ফেরার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ইন্ডিয়ানাপোলিসের কমিউনিটি রেজিলিয়েন্স গবেষক কোর্টনি পেজ-ট্যান জানান, বিদ্যুৎহীনতা দীর্ঘায়িত হলে মানুষের স্বাস্থ্যঝুঁকি প্রতিদিন বাড়তে থাকে। জেনারেটর ব্যবহারের সময় পর্যাপ্ত বায়ু চলাচল না থাকলে কার্বন মনোক্সাইডে বিষক্রিয়ার আশঙ্কাও থাকে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
গ্যারিতে ২৫ বছর ধরে হেয়ার স্টাইলিস্ট হিসেবে কাজ করা শাতিয়া হার্ডিন ঝড়ের পর থেকে নিজের সেলুন খুলতে পারেননি। তিনি বলেন, নিম্নআয়ের এলাকার মানুষ প্রথম কয়েকদিন পরিস্থিতি মেনে নিলেও এখন তাদের ধৈর্য শেষ হয়ে আসছে। দ্বিতীয় সপ্তাহেও এভাবে টিকে থাকার লড়াই চালিয়ে যাওয়া কঠিন বলেও মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
ইস্ট শিকাগোতে এক সপ্তাহের বেশি সময় পর বিদ্যুৎ ফিরলেও কিছুক্ষণ পর আবার সরবরাহ বন্ধ হয়ে যায়। স্থানীয় একটি সামাজিক যোগাযোগমাধ্যম পেজের পরিচালনাকারী কেভিন মেহিয়া জানান, খাবারের জন্য অনেক মানুষ তার সঙ্গে যোগাযোগ করছেন। একটি পোস্টে প্রায় ৫০০টি মন্তব্য আসে বলেও জানান তিনি। বিদ্যুৎ না থাকায় অনেক পরিবারকে কয়েকশ ডলারের খাবার ফেলে দিতে হয়েছে। বিশেষ করে বয়স্ক মানুষদের সহায়তা পাওয়ার ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়েছে।
ব্যাহত শিক্ষাকার্যক্রম
দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিপর্যয়ের কারণে উত্তর-পশ্চিম ইন্ডিয়ানায় হাজার হাজার শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হচ্ছে। গ্যারি স্কুল ডিস্ট্রিক্টে প্রায় ৪ হাজার ৩০০ শিক্ষার্থী রয়েছে। আগস্টের শুরুতে শিক্ষাবর্ষ শুরু হলেও ১৩ আগস্ট থেকে স্কুল বন্ধ রয়েছে। অন্তত শুক্রবার পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত রয়েছে।
বিজ্ঞাপন
ওহাইওতে আকস্মিক বন্যা
ইন্ডিয়ানার গ্যারি শহর থেকে প্রায় ২৫০ মাইল দক্ষিণ-পূর্বে ওহাইওর রাজধানী কলম্বাসেও ভারী বৃষ্টিতে নতুন দুর্যোগ দেখা দিয়েছে। মাত্র ১২ ঘণ্টায় সেখানে ৩ ইঞ্চির বেশি বৃষ্টিপাত হয়েছে। এতে শহরের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয় এবং সড়ক ডুবে যায়।
ফায়ার বিভাগের কর্মকর্তা নিক ডেভিস জানান, বন্যার পানিতে একটি খালে আটকে পড়া দুই নারীকে উদ্ধার করা হয়েছে। এছাড়া প্রবল স্রোতে সেতু থেকে ভেসে যাওয়া ১২ বছর বয়সী এক সাইকেল আরোহীকেও উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
আগের সপ্তাহের ভয়াবহ ঝড়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই নতুন করে ভারী বৃষ্টির কারণে কলম্বাসের পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে। শহরের মেয়র অ্যান্ড্রু গিন্থার বলেন, গত সপ্তাহ থেকেই ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তায় সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। নতুন এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তিনি।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)








