Logo

বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতের নীতি মার্কিন আদালতে বাতিল

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২২ আগস্ট, ২০২৬, ১৫:৩৪
বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতের নীতি মার্কিন আদালতে বাতিল
ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা করে বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। রায়ে আদালত বলেছেন, এ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ আগস্ট) ম্যানহাটনের ডিস্ট্রিক্ট জজ জ্যানেট ভার্গাস এ রায় দেন। তিনি বলেন, চলতি বছরের জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষিত নীতিটি ‘স্পষ্টত বেআইনি’ এবং কেন্দ্রীয় অভিবাসন আইনের সঙ্গে সাংঘর্ষিক।

রায়ে বিচারক উল্লেখ করেন, কেবল আবেদনকারীর জাতীয়তার ভিত্তিতে নির্দিষ্ট শ্রেণির অভিবাসী ভিসা পুরোপুরি বন্ধ করে দেওয়ার নীতি প্রচলিত আইনি কাঠামোর সরাসরি লঙ্ঘন। ওই আইন অনুযায়ী কনস্যুলার কর্মকর্তাদের ভিসা প্রক্রিয়াকরণের ওপর পররাষ্ট্রমন্ত্রীর সরাসরি কর্তৃত্ব সীমিত করা হয়েছে।

জানুয়ারিতে কার্যকর হওয়া নীতিটির কারণে বাংলাদেশ ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর আবেদনকারীরা ক্ষতিগ্রস্ত হন। একইভাবে ব্রাজিল, কলম্বিয়া ও উরুগুয়ের মতো লাতিন আমেরিকার দেশ, বসনিয়া ও আলবেনিয়াসহ বলকান অঞ্চল এবং আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের বহু দেশের নাগরিকরাও এর আওতায় পড়েন।

বিজ্ঞাপন

তখন মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছিল, এসব দেশের অভিবাসন প্রত্যাশীদের যুক্তরাষ্ট্রের সরকারি সম্পদের ওপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি তুলনামূলক বেশি। এ ধরনের অবস্থাকে ‘পাবলিক চার্জ’ হিসেবে বিবেচনা করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে আদালতের রায়ের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদে নিয়োগ পাওয়া বিচারক জ্যানেট ভার্গাস এই রায় দেন। অভিবাসী অধিকার নিয়ে কাজ করা দুটি সংগঠন এবং সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিক ও তাদের স্বজনদের জন্য ভিসা আবেদনকারী কয়েকজন মার্কিন নাগরিকের করা মামলার পরিপ্রেক্ষিতে আদালতের এই সিদ্ধান্ত আসে।

অভিবাসন নীতিতে শুরু থেকেই কঠোর অবস্থান নিয়ে আসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারের যুক্তিতে তার প্রশাসন বিভিন্ন সময়ে অভিবাসন ও আশ্রয় সংক্রান্ত নীতিতে কঠোর পদক্ষেপ নিয়েছে।

গত বছরের নভেম্বরে ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করার ঘটনার পর ট্রাম্প প্রশাসন সব ধরনের আশ্রয়-সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত করে। এর কয়েক ঘণ্টা পর ট্রাম্প ‘তৃতীয় বিশ্বের দেশ’ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দেন।

বিজ্ঞাপন

মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপ-মুখপাত্র টমি পিগট তখন বলেছিলেন, যুক্তরাষ্ট্রের ওপর সরকারি সহায়তার বোঝা হয়ে উঠতে পারেন—এমন সম্ভাব্য অভিবাসীদের অযোগ্য ঘোষণা করতে দপ্তর তার দীর্ঘদিনের আইনগত ক্ষমতা প্রয়োগ করবে।

ট্রাম্প প্রশাসনের ভিসা স্থগিতের সিদ্ধান্ত ২১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছিল। তবে অধিকারকর্মীদের অভিযোগ, সরকারের এই পদক্ষেপ বাকস্বাধীনতা ও ন্যায্য আইনি প্রক্রিয়ার অধিকার ক্ষুণ্ন করেছে এবং বিশেষ করে জাতিগত সংখ্যালঘুদের জন্য বৈষম্যমূলক পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা বাড়িয়েছে।

সূত্র: বিবিসি বাংলা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD