তেলাপোকা পার্টির প্রধান অভিজিৎ দীপকের নামে মামলা

মহারাষ্ট্রের লাতুরে একটি সরকারি স্কুলে অনুমতি ছাড়া প্রবেশ, শিক্ষকদের দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং হুমকি দেওয়ার অভিযোগে ককরোচ জনতা পার্টির আহ্বায়ক অভিজিৎ দীপকে ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, লাতুর জেলার আওসা থানায় জেলা পরিষদের একটি উর্দু স্কুলের শিক্ষক সৈয়দ শামশাদবানো খাইরাতালির অভিযোগের ভিত্তিতে মামলাটি করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, অভিজিৎ দীপকে ও তার কয়েকজন সহযোগী আওসার কাছে জাওয়ালি এলাকার ওই সরকারি স্কুলে কোনো ধরনের অনুমতি ছাড়াই প্রবেশ করেন। পরে তারা শিক্ষার্থীদের সঙ্গে বসে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। তাদের এমন কর্মকাণ্ডে স্কুলের শিক্ষা কার্যক্রম এবং সরকারি কাজে বিঘ্ন ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
অভিযোগ অনুযায়ী, দীপকে স্কুলের বিভিন্ন কার্যক্রমের দৃশ্য ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। পাশাপাশি তিনি স্কুলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও করেন। এমনকি অন্য একটি স্কুলের শিক্ষার্থীদের এনে ওই শ্রেণিকক্ষে বসানো হয়েছিল বলেও তিনি দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শিক্ষকদের অভিযোগ, দীপকে তাদের বরখাস্ত করানোর এবং মানহানিকর বক্তব্য ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
বিজ্ঞাপন
অভিজিৎ দীপকে কেন্দ্রীয় মহারাষ্ট্রের লাতুর জেলার বিভিন্ন সরকারি স্কুল পরিদর্শন করে সেগুলোর সমস্যা তুলে ধরছিলেন। সরকারি স্কুলের অবস্থা উন্নত করার দাবিতে তার দল ‘স্কুল ঠিক করো’ নামে একটি কর্মসূচিও চালিয়ে আসছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। ভারতীয় ন্যায় সংহিতার সরকারি কর্মচারীর দায়িত্ব পালনে বাধা দেওয়া, অনধিকার প্রবেশ, অপরাধমূলক ভয় দেখানো এবং মানহানির ধারায় মামলা করা হয়েছে।








