ভারতের হাসপাতালে ভয়াবহ আগুন, প্রাণ গেল তিন নবজাতকের

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে চিকিৎসাধীন তিন নবজাতকের মৃত্যু হয়েছে। রবিবার (২৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জেলা মহিলা হাসপাতালের বিশেষ নবজাতক পরিচর্যা ইউনিটে (এসএনসিইউ) এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালের তৃতীয় তলায় থাকা একটি ভেন্টিলেটর হঠাৎ বিস্ফোরিত হওয়ার পর দ্রুত কেয়ার ইউনিটে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার সময় ওই ইউনিটে মোট ৩৯ জন নবজাতক চিকিৎসাধীন ছিল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসক, নার্স ও হাসপাতালের অন্যান্য কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেন। তারা দ্রুত চিকিৎসা সরঞ্জাম সংযোগ বিচ্ছিন্ন করে নবজাতকদের একে একে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
তবে আগুন ও ঘন ধোঁয়ার কারণে তিন নবজাতককে আর বাঁচানো সম্ভব হয়নি। তাদের মধ্যে কেউ ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে এবং কেউ আগুনে গুরুতর দগ্ধ হয়ে মারা গেছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
এ ঘটনায় আরও ছয় নবজাতক গুরুতর আহত হয়েছে। তাদের আশঙ্কাজনক অবস্থায় কাছের একটি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
হাসপাতাল কর্তৃপক্ষের তাৎক্ষণিক উদ্ধার তৎপরতায় বাকি নবজাতকদের নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রাথমিক তদন্তে ভেন্টিলেটর বিস্ফোরণকে অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।








