Logo

বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৬ আগস্ট, ২০২৬, ১৬:১০
বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোতে একটি বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হওয়ায় ভিসাসেবা সংক্রান্ত সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানান, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেটে এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। এর সঙ্গে সমন্বয় করে ভিসা অ্যাপয়েন্টমেন্টের সময়সূচি পুনর্নির্ধারণ করা হবে।

ইতোমধ্যে যেসব অভিবাসী ভিসাপ্রার্থীর সাক্ষাৎকারের সময় নির্ধারিত ছিল, তাদের ই-মেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পরিবর্তনের বিষয়টি জানানো হয়েছে। নতুন সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী কঠোর নীতি গ্রহণ করেছে তার প্রশাসন। অবৈধ অভিবাসন বন্ধের পাশাপাশি বিভিন্ন কারণে ভিসা ও গ্রিন কার্ড বাতিল এবং আবেদন প্রত্যাখ্যানের ঘটনাও বেড়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

মার্কিন প্রশাসনের কঠোর পদক্ষেপের মধ্যে রাজনৈতিক মতাদর্শ কিংবা ইসরায়েলের গাজা অভিযানবিরোধী ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়ার মতো বিষয়ও ভিসা ও অভিবাসনসংক্রান্ত সিদ্ধান্তে বিবেচনায় আসছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিতে অবশ্য আইনি বাধাও এসেছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের এক বিচারক বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত রাখার একটি নীতি বাতিল করেছেন। আদালতের মতে, ওই নীতি গ্রহণের ক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার আইনি ক্ষমতার সীমা অতিক্রম করেছিলেন।

বিজ্ঞাপন

এদিকে নতুন প্রশিক্ষণ কর্মসূচির বিস্তারিত বিষয় বা এর মেয়াদ সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তর নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি। তবে দপ্তর জানিয়েছে, কনস্যুলার কর্মকর্তাদের এমন আবেদনকারী শনাক্ত করতে প্রশিক্ষিত করা হবে, যারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সরকারি জনকল্যাণমূলক সুবিধার ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়তে পারেন বলে ধারণা করা হয়।

পাশাপাশি ভিসাপ্রার্থীদের আবেদন মূল্যায়নে সামগ্রিকতা ও ধারাবাহিকতা নিশ্চিত করাও প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর।

বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত বা পুনর্নির্ধারণের খবরটি প্রথম প্রকাশ করে ফাইন্যান্সিয়াল টাইমস। তাদের প্রতিবেদনে বলা হয়, নির্ধারিত সাক্ষাৎকারের সময় পরিবর্তন করা হচ্ছে—এমন বার্তা ইতোমধ্যে অনেক ভিসাপ্রার্থীকে ই-মেইলে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির কঠোর সমালোচনা করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। তাদের অভিযোগ, এসব পদক্ষেপ বৈষম্যমূলক এবং মতপ্রকাশের স্বাধীনতা ও যথাযথ আইনি প্রক্রিয়ার অধিকার ক্ষুণ্ন করছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মানবাধিকার সংগঠনগুলোর আরও দাবি, কঠোর অভিবাসন অভিযান যুক্তরাষ্ট্রে বিশেষ করে জাতিগত সংখ্যালঘুদের মধ্যে অনিরাপত্তা তৈরি করেছে। পরিচয়ের ভিত্তিতে সন্দেহ বা অতিরিক্ত নজরদারির শিকার হওয়ার আশঙ্কাও রয়েছে বলে তারা মনে করছে।

বিজ্ঞাপন

২০২৪ সালের নির্বাচনী প্রচারে ট্রাম্প অবৈধ অভিবাসন বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে ক্ষমতায় ফেরার পর তার প্রশাসনের বিভিন্ন পদক্ষেপে বৈধ অভিবাসন প্রক্রিয়াও আগের তুলনায় কঠোর হয়ে উঠেছে।

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD