Logo

প্রথমবার হুথিদের তেল কোম্পানিতে সৌদির হামলা, ২ জন নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ অক্টোবর, ২০২৬, ১২:৫৯
প্রথমবার হুথিদের তেল কোম্পানিতে সৌদির হামলা, ২ জন নিহত
ছবি: সংগৃহীত

ইয়েমেনের রাজধানী সানা ও হোদেইদা প্রদেশে হুথিদের নিয়ন্ত্রণাধীন ইয়েমেন অয়েল কোম্পানির স্থাপনা লক্ষ্য করে বিমান হামলার ঘটনা ঘটেছে। এ হামলার জন্য সৌদি আরবকে দায়ী করেছে হুথিপন্থি সংবাদমাধ্যমগুলো। তাদের দাবি, হোদেইদা প্রদেশে পৃথক হামলায় দুজন নিহত হয়েছেন। ইয়েমেনে তেল স্থাপনায় সৌদি আরবের এ ধরনের হামলা প্রথম বলে দাবি করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ অক্টোবর) এসব হামলার ঘটনা ঘটে। হুথিদের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনবিষয়ক সামরিক জোট বেসামরিক নাগরিকদের ওই এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর সানার কাছে একটি তেল স্থাপনায় হামলা চালানো হয়।

সানা থেকে বার্তা সংস্থা এএফপির এক সংবাদদাতা বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। অন্যদিকে হুথিদের পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশনের ব্রেকিং নিউজে বলা হয়, “সৌদি আগ্রাসন সানার পশ্চিমে আল-সাবাহায় অবস্থিত তেল কোম্পানিকে লক্ষ্যবস্তু করেছে।”

পৃথক এক বিবৃতিতে হুথি-পরিচালিত ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, লোহিত সাগরের তীরবর্তী হোদেইদা প্রদেশে একটি তেল কোম্পানিতে পৃথক হামলায় দুজন নিহত হয়েছেন। ওই হামলার জন্যও সৌদি আরবকে দায়ী করেছে তারা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে হামলার বিষয়ে বিস্তারিত জানতে সৌদি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি। তবে সৌদি পক্ষের কোনো মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

পাল্টা পদক্ষেপের হুমকি হুথিদের

বিজ্ঞাপন

সৌদি হামলায় ইয়েমেন অয়েল কোম্পানির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে হুথি কর্তৃপক্ষ কোনো তথ্য প্রকাশ করেনি। তবে হামলার জবাবে সৌদি আরবের বিরুদ্ধে ‘কঠিন ও বেদনাদায়ক পদক্ষেপ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি।

এ ছাড়া সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকের স্থাপনাগুলো থেকে কর্মীদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে হুথিরা। একই সঙ্গে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলার হুমকি দিয়েছে তারা।

প্রতিবেদন অনুযায়ী, এর আগে টানা তিন দিন রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল হুথিরা। শনিবারের হামলায় বিমানবন্দরে ১৩ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যের রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে, রিয়াদের বিমানবন্দরে ধারাবাহিক হামলা বিশ্বের অন্যতম শীর্ষ অপরিশোধিত তেল রপ্তানিকারক সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতিতে উদ্বেগ বাড়িয়েছে। একই সঙ্গে ইয়েমেনের চলমান যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এসব ঘটনা।

সূত্র : এএফপি, ফ্রান্স ২৪

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD