Logo

পোলাওয়ের সঙ্গে জমজমাট স্বাদের হাঁসের মাংসের কোর্মা

profile picture
জনবাণী ডেস্ক
৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫০
পোলাওয়ের সঙ্গে জমজমাট স্বাদের হাঁসের মাংসের কোর্মা
ছবি: সংগৃহীত

হাঁসের মাংসের ভুনা বা ঝোল—যেকোনো পদই বাঙালির খাবারের তালিকায় আলাদা জায়গা করে নেয়। গরম ভাত, খিচুড়ি কিংবা রুটি–পরোটার সঙ্গে হাঁসের মাংস মানেই বাড়তি আনন্দ। তবে কখনো কি হাঁসের মাংসের কোর্মা খেয়েছেন? ঘন, সুগন্ধি আর মোলায়েম এই পদটি বিশেষ করে পোলাওয়ের সঙ্গে পরিবেশন করলে স্বাদে আসে রাজকীয় ছোঁয়া।

বিজ্ঞাপন

বাড়িতে অতিথি আপ্যায়ন বা বিশেষ কোনো দিনে ভিন্ন কিছু রাঁধতে চাইলে হাঁসের মাংসের কোর্মা হতে পারে দারুণ পছন্দ। চলুন জেনে নেওয়া যাক সুস্বাদু এই খাবারটি তৈরির সহজ রেসিপি।

যেসব উপকরণ লাগবে: হাঁসের মাংস, আলু, পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, জিরা বাটা ও গুঁড়া, ধনিয়া, হলুদ ও মরিচের গুঁড়া, কাঁচা মরিচ বাটা, টকদই, কাজুবাদাম পেস্ট, টমেটো পিউরি, তেজপাতা, এলাচ, দারুচিনি, গোলমরিচ, জয়ফল-জয়িত্রী, লবণ ও তেল।

যেভাবে রান্না করবেন: প্রথমে হাঁসের মাংস ধুয়ে কাঁচা মরিচ বাটা, টকদই ও লবণ দিয়ে মেখে কিছুক্ষণ মেরিনেট করে রাখতে হবে। এরপর প্যানে তেল গরম করে গোটা মসলা ফোড়ন দিয়ে পেঁয়াজ ও রসুন কষিয়ে নিতে হবে। একে একে আদা, রসুন ও জিরা বাটা দিয়ে ভালোভাবে কষানোর পর গুঁড়া মসলা যোগ করতে হবে।

বিজ্ঞাপন

মসলা থেকে তেল ছাড়তে শুরু করলে মেরিনেট করা হাঁসের মাংস ও আলু দিয়ে মাঝারি আঁচে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর টমেটো পিউরি, কাজুবাদাম পেস্ট ও বাকি টকদই মিশিয়ে পরিমাণমতো পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে।

মাংস ও আলু সেদ্ধ হয়ে ঝোল ঘন হলে শেষে সামান্য জয়ফল-জয়িত্রী ও ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে চুলা বন্ধ করতে হবে। তৈরি হয়ে যাবে সুস্বাদু হাঁসের মাংসের কোর্মা।

গরম পোলাও বা সাদা ভাতের সঙ্গে পরিবেশন করলে এই পদ যে কোনো খাবারের টেবিলে বাড়িয়ে দেবে স্বাদ ও আয়োজনের আকর্ষণ।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD