Logo

গাড়ির মাইলেজ বাড়ানোর ৫ কার্যকর উপায়

profile picture
জনবাণী ডেস্ক
২৯ মে, ২০২৬, ১১:৫০
গাড়ির মাইলেজ বাড়ানোর ৫ কার্যকর উপায়
ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে পেট্রোল ও ডিজেলের বাড়তি দামের কারণে গাড়ি চালাতে বাড়ছে খরচও। তবে কিছু সহজ অভ্যাস ও সচেতনতা মেনে চললে একই তেলে গাড়ি থেকে পাওয়া যেতে পারে বেশি মাইলেজ।

বিজ্ঞাপন

অনেকেই মনে করেন মাইলেজ শুধু গাড়ির মানের ওপর নির্ভর করে, কিন্তু বাস্তবে চালানোর ধরন ও নিয়মিত যত্নই বড় পার্থক্য গড়ে দেয়।

জেনে নিন কম জ্বালানিতে বেশি পথ চলার ৫ কার্যকর কৌশল—

১. হঠাৎ গতি বাড়ানো ও জোরে ব্রেক এড়িয়ে চলুন

বিজ্ঞাপন

বারবার দ্রুত স্পিড বাড়ানো কিংবা আচমকা ব্রেক করলে ইঞ্জিনের ওপর অতিরিক্ত চাপ পড়ে। এতে জ্বালানি বেশি খরচ হয়। ধীরে ধীরে গতি বাড়ানো এবং নিয়ন্ত্রিতভাবে ব্রেক করলে তেলের অপচয় কমে। বিশেষজ্ঞদের মতে, নির্দিষ্ট ও স্থির গতিতে গাড়ি চালানো মাইলেজের জন্য সবচেয়ে ভালো।

২. হাইওয়েতে জানালা খোলা রাখার বদলে এসি ব্যবহার করুন

শহরের ভেতরে কম গতিতে চললে জানালা খোলা রাখা যেতে পারে। তবে হাইওয়েতে বেশি গতিতে চলার সময় জানালা খোলা থাকলে বাতাসের চাপ বাড়ে, যা গাড়ির গতি কমিয়ে দেয়। ফলে ইঞ্জিনকে বাড়তি শক্তি ব্যবহার করতে হয়। তাই দীর্ঘ ভ্রমণে মাঝারি তাপমাত্রায় এসি চালানো অনেক সময় বেশি সাশ্রয়ী হতে পারে।

বিজ্ঞাপন

৩. অপ্রয়োজনীয় ওজন গাড়িতে বহন করবেন না

গাড়িতে অতিরিক্ত মালামাল থাকলে ওজন বেড়ে যায়, ফলে ইঞ্জিনকে বেশি শক্তি খরচ করতে হয়। এতে জ্বালানি খরচও বেড়ে যায়। তাই প্রয়োজন ছাড়া ভারী ব্যাগ, টুলবক্স বা অতিরিক্ত জিনিস গাড়িতে না রাখাই ভালো।

৪. নিয়মিত টায়ারের বাতাস পরীক্ষা করুন

বিজ্ঞাপন

চাকার বাতাস কম থাকলে গাড়ি স্বাভাবিকভাবে চলতে পারে না এবং ইঞ্জিনকে বেশি পরিশ্রম করতে হয়। এতে তেলের খরচ বাড়ে। তাই সপ্তাহে অন্তত একবার টায়ারের চাপ পরীক্ষা করা উচিত। গাড়ি নির্মাতার নির্দেশনা অনুযায়ী সঠিক চাপ বজায় রাখলে ভালো মাইলেজ পাওয়া যায়।

৫. ইঞ্জিন অয়েল ও ফিল্টার পরিষ্কার রাখুন

এয়ার ফিল্টার, এসি ফিল্টার বা ইঞ্জিন অয়েল নোংরা হয়ে গেলে গাড়ির পারফরম্যান্স কমে যায়। এতে একই দূরত্ব অতিক্রম করতে বেশি জ্বালানি প্রয়োজন হয়। নিয়মিত ফিল্টার পরিষ্কার ও সময়মতো ইঞ্জিন অয়েল পরিবর্তন করলে ইঞ্জিন ভালো থাকে এবং জ্বালানি সাশ্রয় হয়।

বিজ্ঞাপন

সামান্য কিছু অভ্যাস পরিবর্তনই মাস শেষে জ্বালানি খরচে বড় সাশ্রয় এনে দিতে পারে। তাই সচেতনভাবে গাড়ি চালান, কম তেলে বেশি পথ পাড়ি দিন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD