হঠাৎ প্রাক্তনের সঙ্গে দেখা হলে কী করবেন?

ভালোবাসার সম্পর্ক শেষ হয়ে গেলেও অনেক স্মৃতি থেকে যায়। প্রিয় মানুষটি জীবনের অংশ না থাকলেও তার উপস্থিতির অনুভূতি অনেক সময় দীর্ঘদিন মন থেকে মুছে যায় না। কবীর সুমনের গানের সেই বহুল আলোচিত পঙ্ক্তি—‘সে চলে গেছে তবুও যায়নি, যেমন যায় না আসলে কেউ’—অনেকের জীবনেই যেন বাস্তবতার প্রতিচ্ছবি।
বিজ্ঞাপন
যে মানুষটিকে একসময় ছাড়া একটি দিনও কল্পনা করা যেত না, সম্পর্কের ইতি টানার পর সেই মানুষটিই ধীরে ধীরে হয়ে ওঠেন সম্পূর্ণ অপরিচিত। বেশির ভাগ ক্ষেত্রেই প্রাক্তনের সঙ্গে আর কোনো যোগাযোগ থাকে না। তবে জীবন সব সময় পরিকল্পনা মেনে চলে না। হঠাৎ কোনো একদিন রাস্তায়, কোনো খাবারের দোকানে, কর্মস্থলে কিংবা ভ্রমণের পথে তার সঙ্গে দেখা হয়ে যেতেই পারে।
এমন মুহূর্তে অনেকেই অস্বস্তিতে পড়ে যান। কেউ বুঝতে পারেন না কী বলবেন, আবার কেউ আবেগ সামলাতে পারেন না। তাই এমন পরিস্থিতিতে কীভাবে নিজেকে সামলাবেন, তা জানা জরুরি।
সৌজন্য বজায় রাখুন
বিজ্ঞাপন
হঠাৎ চোখাচোখি হলে স্বাভাবিকভাবে একটি হালকা হাসি কিংবা মাথা নেড়ে সম্ভাষণ জানানোই যথেষ্ট। যদি কথা বলার প্রয়োজন হয়, তবে সংক্ষিপ্ত ও ভদ্র ভাষায় কথা বলুন। অতিরিক্ত আবেগ, রাগ বা বিরূপ আচরণ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।
পুরোনো কষ্ট নতুন করে টেনে আনবেন না
সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে যে কারণই থাকুক, হঠাৎ দেখা হওয়ার সময় পুরোনো অভিমান, অভিযোগ কিংবা তিক্ত স্মৃতি নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই। অতীতের ক্ষত আবারও উসকে দিলে কারওই উপকার হবে না। মনে রাখবেন, প্রাক্তনের সঙ্গে দেখা হওয়া মানেই সম্পর্ক নতুন করে শুরু হওয়ার ইঙ্গিত নয়; এটি কেবল জীবনের একটি পুরোনো অধ্যায়ের মুখোমুখি হওয়া। তাই শান্ত ও সংযত থাকুন।
বিজ্ঞাপন
অহংকার নয়, আত্মমর্যাদা ধরে রাখুন
অনেকেই প্রাক্তনের সামনে নিজের বর্তমান জীবনকে বাড়িয়ে তুলে ধরতে চান। কে কত ভালো আছেন, নতুন সম্পর্ক কত সুখের কিংবা জীবন কত বদলে গেছে—এসব দেখানোর চেষ্টা না করাই ভালো। নিজের আত্মসম্মান বজায় রেখে স্বাভাবিক আচরণ করুন। প্রয়োজনীয় কথাবার্তা শেষ করে সৌজন্যের সঙ্গে সরে আসাই সবচেয়ে পরিণত সিদ্ধান্ত।
বর্তমান সম্পর্ককে গুরুত্ব দিন
বিজ্ঞাপন
আপনার জীবনে যদি নতুন কোনো সম্পর্ক বা পরিবার থাকে, তাহলে সেটির প্রতি দায়িত্বশীল থাকুন। প্রাক্তনের সঙ্গে কথা বলার সময় এমন কিছু করবেন না, যাতে বর্তমান সম্পর্কের প্রতি অসম্মান প্রকাশ পায়। একইভাবে তার বর্তমান জীবনকেও সম্মান করা উচিত। অতীতের বিষয় নিয়ে বর্তমান জীবনে কোনো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি না করাই ভালো।
অপ্রয়োজনীয় দীর্ঘ আলাপ এড়িয়ে চলুন
যদি দীর্ঘদিন কোনো যোগাযোগ না থাকে কিংবা বন্ধুত্বপূর্ণ সম্পর্কও না থাকে, তাহলে অযথা দীর্ঘ সময় ধরে কথা বলা ঠিক নয়। অনেক সময় বেশি কথা বলতে গিয়ে এমন কিছু প্রসঙ্গ উঠে আসে, যা আবারও অস্বস্তি বা ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে। তাই নিজের সীমা সম্পর্কে সচেতন থাকুন।
বিজ্ঞাপন
আবেগ নয়, পরিণত আচরণই হোক পরিচয়
প্রাক্তন মানেই শত্রু নয়, আবার প্রাক্তনের সঙ্গে দেখা হওয়া মানেই পুরোনো সম্পর্ক ফিরে আসার সুযোগও নয়। সময়ের সঙ্গে মানুষ বদলায়, জীবনও নতুন পথে এগিয়ে যায়। তাই হঠাৎ দেখা হলে ভদ্রতা, সংযম, আত্মমর্যাদা এবং বাস্তবতাকে গুরুত্ব দেওয়াই সবচেয়ে পরিণত আচরণ। অতীতকে সম্মান জানিয়ে বর্তমানকে মূল্য দিতে পারলেই মানসিকভাবে সুস্থ ও স্বাভাবিক থাকা সম্ভব।








