আজ বন্ধু দিবস, প্রিয় বন্ধুকে ভালোবাসা জানিয়ে দেওয়ার দিন

মানুষ জন্মের পর পরিবার, আত্মীয়স্বজন ও রক্তের সম্পর্কের বন্ধনে বেড়ে ওঠে। তবে জীবনের কোনো না কোনো পর্যায়ে এমন একজন মানুষের সঙ্গে পরিচয় হয়, যার সঙ্গে রক্তের কোনো সম্পর্ক নেই, তবু তার কাছেই সহজে বলা যায় মনের গভীরতম অনুভূতি, আনন্দ, কষ্ট কিংবা না বলা অনেক কথা। এই আত্মিক বন্ধনের নামই বন্ধুত্ব।
বিজ্ঞাপন
কোনো সামাজিক বাধ্যবাধকতা, আইন কিংবা রক্তের সম্পর্ক ছাড়াই গড়ে ওঠা এই সম্পর্ককে মানুষের জীবনের সবচেয়ে স্বাধীন, আন্তরিক ও মূল্যবান সম্পর্কগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। সত্যিকারের বন্ধু শুধু সুখের সঙ্গী নন, দুঃসময়েরও সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়।
আজ আগস্ট মাসের প্রথম রবিবার। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিনটি বন্ধু দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। যদিও বন্ধুত্বকে নির্দিষ্ট কোনো দিন বা তারিখের মধ্যে সীমাবদ্ধ রাখা যায় না, তবুও এ দিনটি পুরোনো বন্ধুদের খোঁজ নেওয়া, সম্পর্কের উষ্ণতা ফিরিয়ে আনা এবং স্মৃতিচারণের বিশেষ উপলক্ষ হয়ে উঠেছে।
বন্ধুত্ব নিয়ে মনীষীদের ভাবনা
বিজ্ঞাপন
ইতিহাস ঘাঁটলে দেখা যায়, যুগে যুগে বহু মনীষী বন্ধুত্বের গুরুত্ব নিয়ে মূল্যবান কথা বলেছেন। বিখ্যাত গল্পকার মারিও পুজো বন্ধুত্বকে প্রতিভার চেয়েও বড় এবং পরিবারের প্রায় সমতুল্য বলে উল্লেখ করেছেন। অন্যদিকে আলবার্ট আইনস্টাইনের মতে, সত্যিকারের ভালোবাসা যেমন বিরল, খাঁটি বন্ধুত্ব তার চেয়েও দুর্লভ।
রবার্ট লুইস স্টিভেনসন ও আলবেয়ার কামুর মতো চিন্তাবিদদের মতে, কোনো শর্ত, প্রভাব বা নেতৃত্ব ছাড়াই পাশাপাশি চলার নামই বন্ধুত্ব। আবার আলবার্ট কামু বন্ধুত্বকে ভালোবাসারই একটি রূপ হিসেবে ব্যাখ্যা করেছেন। প্রাচীন গ্রিক দার্শনিক এরিস্টটলের ভাষায়, একজন প্রকৃত বন্ধু হলো নিজেরই আরেকটি সত্তা।
বন্ধু দিবসের ইতিহাস
বিজ্ঞাপন
বন্ধু দিবসের সূচনা নিয়ে একাধিক মত রয়েছে। প্রচলিত ধারণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ১৯৩০ সালে প্রথম বাণিজ্যিকভাবে বন্ধু দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়। সে সময় শুভেচ্ছা কার্ড প্রস্তুতকারী প্রতিষ্ঠান হলমার্কের প্রতিষ্ঠাতা হাওয়ার্ড হল ২ আগস্টকে বন্ধু দিবস হিসেবে প্রচার করেন। বন্ধুদের মধ্যে শুভেচ্ছা কার্ড, ফুল ও উপহার বিনিময়ের মাধ্যমে দিনটি জনপ্রিয় করার চেষ্টা করা হলেও তখন সেটি খুব বেশি সাড়া পায়নি।
পরে ১৯৩৫ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেস আগস্ট মাসের প্রথম রোববারকে জাতীয় বন্ধু দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এরপর ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে দিনটি জনপ্রিয় হয়ে ওঠে।
আরেকটি প্রচলিত মত বলছে, ১৯৩৫ সালে যুক্তরাষ্ট্র সরকারের একটি ঘটনার প্রতিবাদে এক ব্যক্তি তার বন্ধুর মৃত্যুর পরদিন আত্মহত্যা করেন। সেই আত্মত্যাগের স্মরণেই আগস্টের প্রথম রোববারকে বন্ধু দিবস হিসেবে পালনের প্রচলন শুরু হয় বলে অনেকের বিশ্বাস।
বিজ্ঞাপন
দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েও বন্ধু দিবস জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৫৮ সালে দেশটিতে আনুষ্ঠানিকভাবে বন্ধু দিবস উদযাপনের উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে আন্তর্জাতিকভাবে দিনটি পালনের প্রস্তাবও আসে সেখান থেকেই।
এরপর ২০১১ সালের ২৭ জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদ প্রতি বছরের ৩০ জুলাইকে আন্তর্জাতিক বন্ধু দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। তবে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে এখনও আগস্টের প্রথম রোববারই বন্ধু দিবস হিসেবে পালন করা হয়।
সময়ের সঙ্গে বদলে গেছে উদযাপনের ধরন
বিজ্ঞাপন
একসময় বন্ধু দিবস মানেই ছিল শুভেচ্ছা কার্ড, ফুল, চকলেট কিংবা ছোটখাটো উপহার বিনিময়। প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। এখন সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ছবি ভাগাভাগি করা, স্মৃতিচারণ, শুভেচ্ছাবার্তা লেখা কিংবা বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি প্রকাশের মাধ্যমেই দিনটি উদযাপন করেন অধিকাংশ মানুষ।
কেন প্রয়োজন প্রকৃত বন্ধুত্ব
মনোবিশ্লেষকদের মতে, বন্ধুত্ব শুধু বন্ধুদের মধ্যেই সীমাবদ্ধ নয়; পরিবারের সদস্য, দাম্পত্য জীবন কিংবা বাবা-মা ও সন্তানের সম্পর্কেও বন্ধুত্বপূর্ণ পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে পারস্পরিক বিশ্বাস, বোঝাপড়া ও মানসিক বন্ধন আরও গভীর হয়।
বিজ্ঞাপন
মনোরোগ বিশেষজ্ঞ তাজুল ইসলাম বলেন, আধুনিক জীবনের ব্যস্ততা মানুষকে ক্রমেই একাকী করে তুলছে। এই একাকিত্ব কাটিয়ে উঠতে আন্তরিক বন্ধুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তার ভাষায়, বন্ধুহীন মানুষ সহজেই নানা ধরনের মানসিক সমস্যায় আক্রান্ত হতে পারেন। প্রত্যেক মানুষের জীবনে এমন একজন প্রয়োজন, যার কাছে কোনো সংকোচ ছাড়াই নিজের কথা বলা যায়, যিনি অন্যের দুঃখ-কষ্টকে নিজের মতো করে অনুভব করেন। এমন সম্পর্ক মানুষকে মানসিকভাবে সুস্থ রাখতে এবং একাকিত্ব থেকে বেরিয়ে আসতে সহায়তা করে।
জীবনের পথে অসংখ্য মানুষ আসে, আবার সময়ের সঙ্গে অনেকেই হারিয়ে যায়। অনেক সম্পর্ক সময়ের স্রোতে ম্লান হয়ে যায়। কিন্তু প্রকৃত বন্ধুরা থেকে যায়—কখনো পাশে থেকে, কখনো দূরে থেকেও, আবার কখনো মধুর স্মৃতি হয়ে। তাই বন্ধুত্ব কোনো একটি দিনের উদযাপন নয়; এটি প্রতিদিনের অনুভূতি, প্রতিদিনের যত্ন আর আজীবনের বিশ্বাসের নাম।
বিজ্ঞাপন
যেভাবে আরও দৃঢ় হতে পারে বন্ধুত্ব
বন্ধুত্ব দীর্ঘস্থায়ী করতে নিয়মিত যোগাযোগ রাখা সবচেয়ে জরুরি। প্রতিদিন কথা বলা সম্ভব না হলেও মাঝেমধ্যে খোঁজ নেওয়া, বন্ধুর কথা মনোযোগ দিয়ে শোনা এবং তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া সম্পর্ককে আরও গভীর করে।
বন্ধুর জীবনের গুরুত্বপূর্ণ দিনগুলো—যেমন জন্মদিন, নতুন সাফল্য কিংবা বিশেষ মুহূর্ত—মনে রাখা এবং শুভেচ্ছা জানানো বন্ধুত্বে বাড়তি উষ্ণতা যোগ করে। পুরোনো স্মৃতি ভাগাভাগি করাও সম্পর্ককে আরও প্রাণবন্ত করে তোলে।
বিজ্ঞাপন
শুধু আনন্দের সময় নয়, কঠিন সময়েও বন্ধুর পাশে থাকা প্রকৃত বন্ধুত্বের সবচেয়ে বড় পরিচয়। সমস্যা সমাধান করা না গেলেও তার কথা মন দিয়ে শোনা, সাহস দেওয়া এবং মানসিক সমর্থন দেওয়া অনেক বড় শক্তি হয়ে দাঁড়ায়।
ছোট ছোট যত্ন, হঠাৎ খোঁজ নেওয়া, পছন্দের কোনো জিনিস মনে রাখা কিংবা একসঙ্গে কিছুটা সময় কাটানো—এসবই বন্ধুত্বকে দীর্ঘদিন সতেজ রাখে।
একই সঙ্গে বন্ধুর মতামত, চিন্তা ও জীবনযাপনের ভিন্নতাকে সম্মান করাও জরুরি। মতের অমিল থাকলেও সম্মান ও বিশ্বাস বজায় রাখাই পরিণত বন্ধুত্বের পরিচয়।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যম যোগাযোগ সহজ করেছে ঠিকই, তবে শুধু বার্তা, মন্তব্য বা প্রতিক্রিয়ার মধ্যেই বন্ধুত্ব সীমাবদ্ধ রাখা উচিত নয়। সুযোগ পেলেই সরাসরি দেখা করা, সময় কাটানো এবং বাস্তব মুহূর্ত ভাগ করে নেওয়া সম্পর্ককে আরও দৃঢ় করে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাস ও গোপনীয়তা রক্ষা করা। একজন ভালো বন্ধু কখনো বন্ধুর ব্যক্তিগত বিষয় প্রকাশ করেন না, প্রয়োজনের সময় পাশে থাকেন এবং আস্থার জায়গাটি অটুট রাখেন।
বন্ধুত্ব কোনো এক দিনের উৎসব নয়। বিশ্বাস, শ্রদ্ধা, আন্তরিকতা ও ভালোবাসার ছোট ছোট প্রকাশেই এই সম্পর্ক আজীবন টিকে থাকে। তাই বন্ধু দিবসে শুধু শুভেচ্ছা নয়, প্রিয় বন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশেরও এটাই হতে পারে সবচেয়ে সুন্দর সময়।








