Logo

প্রেম নেই জীবনে? তাতে কী! আজ সিঙ্গেলদের দিন

profile picture
জনবাণী ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৩৭
প্রেম নেই জীবনে? তাতে কী! আজ সিঙ্গেলদের দিন
ছবি: সংগৃহীত

কারও জীবনে ভালোবাসার মানুষটি পাশে আছেন, আবার কেউ নিজের মতো করেই জীবন কাটাচ্ছেন। কেউ দুজন মিলে ভবিষ্যতের স্বপ্ন সাজাচ্ছেন, আবার কেউ একাই নিজের গল্প লিখে চলেছেন। তবে সিঙ্গেল থাকা মানেই যে জীবন অসম্পূর্ণ, এমনটা নয়। বরং অনেক সময় একা থাকাটাই নিজেকে নতুন করে আবিষ্কার করার সুযোগ হয়ে উঠতে পারে।

বিজ্ঞাপন

আজ ২৩ সেপ্টেম্বর সিঙ্গেল দিবস। যারা এখনো কোনো সম্পর্কে জড়াননি কিংবা জীবনের কোনো এক পর্যায়ে সিঙ্গেল হয়েছেন, তাদের জন্য দিনটি হতে পারে নিজের সঙ্গে কিছুটা সময় কাটানোর উপলক্ষ।

ভালোবাসার মানুষদের জন্য বছরের বিভিন্ন সময়ে থাকে নানা আয়োজন। ভালোবাসা দিবস থেকে শুরু করে জুটিদের বিভিন্ন উদযাপন—সব মিলিয়ে এসব আয়োজনের ভিড়ে সিঙ্গেলদের অনেকেরই কখনো কখনো নিঃসঙ্গ লাগতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদের হাসিমুখের ছবি দেখে কারও মনে হতে পারে, নিজের জীবনটাই বুঝি অসম্পূর্ণ।

কিন্তু জীবনের পূর্ণতা কেবল কারও সঙ্গে সম্পর্কের ওপর নির্ভর করে না। সিঙ্গেল থাকারও রয়েছে আলাদা সৌন্দর্য। নিজের স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে কাউকে জবাবদিহি করতে হয় না। নিজের পছন্দের জায়গায় একা ঘুরে বেড়ানো, পছন্দের খাবার খাওয়া, গভীর রাত পর্যন্ত প্রিয় গান শোনা কিংবা ভবিষ্যৎ নিয়ে নিজের মতো করে ভাবার সুযোগও থাকে।

বিজ্ঞাপন

অনেকেই বলেন, অন্য কাউকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসতে শেখা জরুরি। আর নিজেকে ভালোবাসার অন্যতম সুন্দর সময় হতে পারে সিঙ্গেল থাকার সময়। নিজের ভুলগুলোকে ক্ষমা করা, নিজের যত্ন নেওয়া এবং নিজের স্বপ্ন ও ইচ্ছাকে গুরুত্ব দেওয়াও নিজের প্রতি ভালোবাসারই অংশ।

সিঙ্গেল দিবস শুরু হলো যেভাবে

সিঙ্গেল দিবস ঘিরে বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন প্রচলন রয়েছে। যুক্তরাষ্ট্রে ২৩ সেপ্টেম্বর দিনটি পালনের কথা বলা হলেও চীনে বহুল পরিচিত সিঙ্গেল দিবস পালিত হয় ১১ নভেম্বর।

বিজ্ঞাপন

১১ নভেম্বরের তারিখে চারটি এক থাকায় দিনটি সিঙ্গেলদের প্রতীক হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। ধারণা করা হয়, ১৯৯০-এর দশকে চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এর প্রচলন শুরু হয়। পরে তা দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সমাজে ছড়িয়ে পড়ে।

তবে সিঙ্গেল দিবসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হতে পারে—সিঙ্গেল থাকা মানেই একাকী থাকা নয়।

তাই আজ নিজের জীবন নিয়ে মন খারাপ না করে নিজেকেই একটু সময় দেওয়া যেতে পারে। অনেক দিন ধরে কেনার কথা ভাবছেন এমন কিছু কিনে ফেলতে পারেন। প্রিয় কোনো খাবারের দোকানে গিয়ে নিজের পছন্দের খাবার খেতে পারেন। কোথাও ঘুরে আসতে পারেন। কিংবা কিছুই না করে ঘরে বসে প্রিয় গান শুনে, বই পড়ে নিজের মতো করে সময় কাটিয়ে দিতে পারেন।

বিজ্ঞাপন

কারণ সব ভালোবাসার গল্পে দুজন মানুষ লাগে না। কখনো কখনো একজন মানুষও নিজের জীবনের সবচেয়ে সুন্দর গল্পটি লিখতে পারেন।

আজ সিঙ্গেল দিবস—দিনটি তাই অন্য কারও জন্য নয়, নিজের জন্যই হোক।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD