আজ দাড়ি কাটার দিন

আজ ১৮ অক্টোবর, জাতীয় দাড়িমুক্ত দিবস। প্রতি বছর এ দিনে দাড়িওয়ালা পুরুষদের দাড়ি কামিয়ে পরিষ্কার মুখে ফিরে আসার আহ্বান জানানো হয়। কেউ বছরের পর বছর দাড়ি রাখুন কিংবা কয়েক সপ্তাহ ধরে, দিনটি দাড়ি কামিয়ে নতুন রূপে নিজেকে দেখার একটি উপলক্ষ।
বিজ্ঞাপন
জাতীয় দাড়িমুক্ত দিবস দাড়ি কামিয়ে চেহারায় পরিবর্তন আনার সুযোগ করে দেয়। বন্ধু ও পরিবারের সদস্যদের চমকে দেওয়া কিংবা দীর্ঘদিন পর দাড়িমুক্ত মুখের অনুভূতি নেওয়ার জন্যও দিনটি বিশেষ।
দিবসটি পালনের সময় নির্ধারণের পেছনেও রয়েছে একটি কারণ। নভেম্বর মাস শুরুর প্রায় দুই সপ্তাহ আগে এটি পালিত হয়। এর মাধ্যমে ‘মুভেম্বার’ ও ‘নো শেভ নভেম্বর’-এর মতো সচেতনতামূলক কর্মসূচির প্রস্তুতি নেওয়ার সুযোগ তৈরি হয়।
মুভেম্বার হলো নভেম্বরজুড়ে পালিত একটি আন্তর্জাতিক সচেতনতামূলক উদ্যোগ। এর মূল উদ্দেশ্য পুরুষদের স্বাস্থ্যগত সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং এ-সংক্রান্ত কার্যক্রমের জন্য তহবিল সংগ্রহ করা। অন্যদিকে, নো শেভ নভেম্বর কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পুরো নভেম্বর মাস দাড়ি বা চুল কামানো, ছাঁটা কিংবা কাটানো থেকে বিরত থাকেন। এসব উদ্যোগের মাধ্যমে প্রোস্টেট ক্যানসার, অণ্ডকোষের ক্যানসার ও মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরির চেষ্টা করা হয়।
বিজ্ঞাপন
জাতীয় দাড়িমুক্ত দিবসে দাড়ি কামিয়ে নতুনভাবে শুরু করা যায়। চাইলে বৈদ্যুতিক যন্ত্রের পরিবর্তে প্রচলিত পদ্ধতিতে দাড়ি কামিয়ে মসৃণ ত্বকের অভিজ্ঞতাও নিতে পারেন। তবে দাড়ি কামানোর সময় ত্বকের সুরক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়া জরুরি।
দাড়ি ভালোভাবে কামানোর কয়েকটি ধাপ
প্রস্তুতি: প্রথমে গরম পানিতে গোসল করুন অথবা কয়েক মিনিট মুখে গরম পানিতে ভেজানো তোয়ালে চেপে রাখুন। এতে দাড়ির লোম নরম হয় এবং কামানো সহজ হয়। দাড়ি কামানোর আগে বিশেষ তেল ব্যবহার করলে ক্ষুর সহজে চালানো যায়।
বিজ্ঞাপন
ফেনা তৈরি: বাজারে পাওয়া স্প্রে ফেনার পরিবর্তে ব্রাশ ও ভালো মানের শেভিং সাবান বা ক্রিম ব্যবহার করতে পারেন। এতে ঘন ফেনা তৈরি হয়, যা লোম নরম করতে এবং ত্বককে ক্ষুরের ঘর্ষণ থেকে সুরক্ষা দিতে সাহায্য করে।
সঠিক কৌশল: সাধারণ ক্ষুর কিংবা আধুনিক রেজর—যেটিই ব্যবহার করুন, ধারালো ও পরিষ্কার ব্লেড বেছে নিন। প্রথমবার লোম যেদিকে বাড়ে, সেদিকেই ক্ষুর চালান। আরও মসৃণভাবে দাড়ি কামাতে চাইলে আবার ফেনা লাগিয়ে সতর্কতার সঙ্গে লোমের বিপরীত দিকে ক্ষুর চালাতে পারেন। তবে এতে ত্বকে জ্বালাপোড়া হলে বিপরীত দিকে ক্ষুর চালানো এড়িয়ে চলুন।
ত্বকের যত্ন: দাড়ি কামানো শেষে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এবং জ্বালাপোড়া কমাতে সুগন্ধিবিহীন ময়েশ্চারাইজার বা আফটারশেভ বাম ব্যবহার করতে পারেন।
বিজ্ঞাপন
জাতীয় দাড়িমুক্ত দিবস যেভাবে উদযাপন করবেন
দাড়ি কামিয়ে নতুন চেহারায় ফিরতে চাইলে কয়েকটি উপায়ে দিনটি উদযাপন করতে পারেন।
পেশাদার নাপিতের কাছে যান: গরম তোয়ালে ও সোজা ক্ষুর দিয়ে দাড়ি কামানোর অভিজ্ঞতা নিতে পারেন। এতে পরিচিত দৈনন্দিন অভ্যাসের বাইরে ভিন্ন ধরনের অভিজ্ঞতা পাওয়া যেতে পারে।
বিজ্ঞাপন
সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিন: মুভেম্বার বা নো শেভ নভেম্বর কর্মসূচিতে অংশ নেওয়ার পরিকল্পনা থাকলে এ দিন থেকেই প্রস্তুতি শুরু করতে পারেন। দাড়ি কামানোর আগের ছবি প্রকাশ করে পরবর্তী মাসে স্বাস্থ্যসচেতনতামূলক উদ্যোগে অংশ নেওয়ার পরিকল্পনাও জানাতে পারেন।
প্রিয়জনদের প্রশংসা করুন: আপনার নিজের দাড়ি না থাকলেও দিবসটি উদযাপন করতে পারেন। পরিষ্কার মুখে থাকতে পছন্দ করেন এমন বন্ধু, পরিবারের সদস্য কিংবা সঙ্গীর প্রশংসা করে দিনটি বিশেষ করে তুলতে পারেন।
ছবি তুলে রাখুন: দাড়িওয়ালা চেহারা ও দাড়ি কামানোর পরের ছবি পাশাপাশি রেখে পরিবর্তনটি ধরে রাখতে পারেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে #NationalNoBeardDay হ্যাশট্যাগ ব্যবহার করে ছবিগুলো প্রকাশ করতে পারেন।
বিজ্ঞাপন
দাড়ি কামানো কারও ব্যক্তিগত পছন্দ, আবার কারও কাছে দাড়ি রাখা স্বাচ্ছন্দ্যের বিষয়। জাতীয় দাড়িমুক্ত দিবস মূলত চেহারায় পরিবর্তন আনার একটি উপলক্ষ, যা চাইলে নিজের মতো করেই উদযাপন করা যায়।
সূত্র: ন্যাশনাল ডে ক্যালেন্ডার








