Logo

কেন ভালোবাসা প্রকাশে প্রকাশ্যেই এত চুমু খান স্প্যানিশরা?

profile picture
জনবাণী ডেস্ক
১১ নভেম্বর, ২০২৬, ১৫:৫০
কেন ভালোবাসা প্রকাশে প্রকাশ্যেই এত চুমু খান স্প্যানিশরা?
ছবি: সংগৃহীত

স্পেনের রাস্তাঘাট, পার্ক কিংবা জনাকীর্ণ চত্বরে প্রেমিক-প্রেমিকাদের প্রকাশ্যে চুমু খেতে দেখা খুবই পরিচিত দৃশ্য। পরিচিতজনের সঙ্গে দেখা হলে দুই গালে চুমু দিয়ে শুভেচ্ছা জানানোও দেশটির সামাজিক রীতির অংশ। তবে প্রকাশ্যে ভালোবাসা প্রকাশের এই স্বাচ্ছন্দ্য এক দিনে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে স্পেনের সামাজিক জীবনযাপন, ইতিহাস, আবাসনব্যবস্থা এবং দীর্ঘ সাংস্কৃতিক পরিবর্তন।

বিজ্ঞাপন

স্পেনে ছয় বছরের বেশি সময় ধরে বসবাস করছেন বিবিসির লেখক লুসি লাভেল। তাঁর অভিজ্ঞতায়, দেশটির ব্যস্ত সড়ক, পার্ক কিংবা উৎসবের ভিড়ে যুগলদের চুমু খাওয়ার দৃশ্য প্রায়ই চোখে পড়ে। এমনকি অফিসের ই-মেইলের শেষেও ভালোবাসা ও আন্তরিকতা প্রকাশে অনেকে ‘বেসোস’ (চুমু) শব্দটি ব্যবহার করেন।

সম্প্রতি জাপান সফর শেষে স্পেনের ভ্যালেন্সিয়ায় ফিরে এক বন্ধু রেলস্টেশন থেকে বের হয়েই বেঞ্চে বসা এক যুগলকে চুমু খেতে দেখেন। জাপানে প্রকাশ্যে ভালোবাসা প্রকাশের এমন দৃশ্য তুলনামূলক বিরল। ফলে পরিচিত পরিবেশে ফিরে দৃশ্যটি তাঁর কাছে নিজের বাড়িতে ফেরার অনুভূতি তৈরি করে।

খোলামেলা সামাজিক জীবনযাপন

বিজ্ঞাপন

স্পেনে প্রকাশ্যে চুমু খাওয়ার অন্যতম কারণ দেশটির মানুষের সামাজিক জীবনযাপন। দৈনন্দিন জীবনের বড় একটি অংশ তাঁরা কাটান বাড়ির বাইরে—রাস্তার পাশের ক্যাফে, পার্ক কিংবা জনাকীর্ণ চত্বরে।

ইউনিভার্সিটি অব ওয়ারউইকের এক গবেষণায় দেখা গেছে, নতুন পরিচিত মানুষের সঙ্গে মেলামেশার ক্ষেত্রে ব্যক্তিগত দূরত্ব বজায় রাখার প্রবণতা স্পেনে তুলনামূলক কম। এমনকি গ্রিস, ইতালি ও পর্তুগালের তুলনায়ও দেশটির মানুষ শারীরিক দূরত্ব কম রেখে চলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

মাদ্রিদের কমপ্লুতেনসে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক আমপারো লাসেনের মতে, উত্তর ইউরোপের দেশগুলোর তুলনায় স্পেনের মানুষ শারীরিক ঘনিষ্ঠতা প্রকাশে বেশি স্বচ্ছন্দ। তাঁর ভাষায়, বিষয়টি এমন নয় যে স্পেনের মানুষ অন্যদের চেয়ে বেশি ভালোবাসাপ্রবণ; বরং তাঁরা প্রকাশ্যে ভালোবাসা দেখাতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

আবাসন সংকটও রাখছে ভূমিকা

স্পেনের আবাসনব্যবস্থাও প্রকাশ্যে ভালোবাসা প্রকাশের সংস্কৃতিতে কিছুটা প্রভাব ফেলেছে। দেশটির প্রায় ৬৫ শতাংশ মানুষ অ্যাপার্টমেন্টে বসবাস করেন, যা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।

উচ্চ বাড়িভাড়া ও আবাসন সংকটের কারণে অনেক তরুণ-তরুণী দীর্ঘ সময় পরিবারের সঙ্গে থাকতে বাধ্য হন। এতে ব্যক্তিগত সময় কাটানোর সুযোগ সীমিত হয়ে পড়ে। ফলে অনেক যুগলকে নিরিবিলি সময় কাটাতে পার্কের বেঞ্চ কিংবা তুলনামূলক শান্ত জায়গা খুঁজতে হয়।

বিজ্ঞাপন

তবে অধ্যাপক লাসেনের মতে, আবাসন সংকটের চেয়ে প্রকাশ্যে ভালোবাসা দেখানোর বিষয়ে সমাজের ইতিবাচক মনোভাবই এই সংস্কৃতির বড় কারণ।

স্বৈরশাসনের সময় ছিল কঠোর বিধিনিষেধ

স্পেনে প্রকাশ্যে ভালোবাসা প্রকাশের পরিবেশ সব সময় এমন ছিল না। ১৯৩৯ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর স্বৈরশাসনামলে দেশটিতে রক্ষণশীল ক্যাথলিক মূল্যবোধ ও কঠোর আইনের প্রভাব ছিল। সমকামিতা অপরাধ হিসেবে বিবেচিত হতো। প্রকাশ্যে ভালোবাসা প্রকাশেও ছিল নানা বিধিনিষেধ। এমনকি রাস্তায় চুমু খাওয়ার কারণে যুগলদের জরিমানার মুখেও পড়তে হতো।

বিজ্ঞাপন

১৯৭৫ সালে ফ্রাঙ্কোর মৃত্যুর পর স্পেনে শুরু হয় বড় ধরনের সাংস্কৃতিক পরিবর্তন। মাদ্রিদে গড়ে ওঠে ‘লা মুভিদা মাদ্রিলেনিয়া’ নামে সাংস্কৃতিক আন্দোলন। চলচ্চিত্র নির্মাতা পেদ্রো আলমোদোভারসহ অনেক শিল্পী তাঁদের কাজের মাধ্যমে পুরোনো রক্ষণশীল মূল্যবোধকে চ্যালেঞ্জ করেন। ধীরে ধীরে ব্যক্তিস্বাধীনতা ও প্রকাশ্যে ভালোবাসা দেখানোর প্রবণতা বাড়তে থাকে।

চুমু হয়ে ওঠে প্রতিবাদের ভাষা

স্পেনে প্রকাশ্যে ভালোবাসা প্রকাশের অধিকার প্রতিষ্ঠায় এলজিবিটি অধিকারকর্মীদের আন্দোলনও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিজ্ঞাপন

১৯৮৬ সালে মাদ্রিদের পুয়ের্তা দেল সল চত্বরে চুমু খাওয়ার অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করে দুই দিন আটক রাখা হয়েছিল। তাঁদের বিরুদ্ধে পাবলিক স্ক্যান্ডাল আইনে ব্যবস্থা নেওয়া হয়।

ঘটনার প্রতিবাদে ১৯৮৭ সালের ২৩ ফেব্রুয়ারি মাদ্রিদে আয়োজন করা হয় গণচুমু কর্মসূচি। পরবর্তী সময়ে প্রায় ১৯৯০-এর দশক পর্যন্ত মাদ্রিদের প্রতিটি প্রাইড মার্চের সমাপ্তি হতো ওই চত্বরে চুমু বিনিময়ের মধ্য দিয়ে। একসময় যে আচরণ নিষিদ্ধ ছিল, সেটিই ধীরে ধীরে শান্তিপূর্ণ প্রতিবাদের প্রতীকে পরিণত হয়। ১৯৮৮ সালে প্রকাশ্যে কেলেঙ্কারি সৃষ্টির অভিযোগে ব্যবহৃত আইনটিও বাতিল করা হয়।

এখনো কি সবাই সমান স্বাচ্ছন্দ্যে ভালোবাসা প্রকাশ করতে পারেন?

বিজ্ঞাপন

বর্তমানে স্পেনে প্রকাশ্যে ভালোবাসা প্রকাশ অনেকটাই স্বাভাবিক সামাজিক আচরণে পরিণত হয়েছে। তবে সবাই সমানভাবে এই স্বাধীনতা উপভোগ করেন না। অধ্যাপক লাসেনের মতে, বয়স্ক কোনো যুগল প্রকাশ্যে চুমু খেলে তা অনেক সময় মানুষের দৃষ্টি আকর্ষণ করে। একইভাবে সমলিঙ্গের যুগলদেরও কখনো কখনো সামাজিক নজরদারির মুখে পড়তে হয়।

ভ্যালেন্সিয়ার সাবেক বিয়ের আলোকচিত্রী পলা ফুরিওর মতে, স্পেনে চুমু কেবল ভালোবাসার প্রকাশ নয়, এটি ব্যক্তিস্বাধীনতারও প্রতীক। তাঁর ভাষায়, স্পেনের সমাজ অনেকটাই উদার হলেও এ ক্ষেত্রে আরও কাজ করার সুযোগ রয়েছে।

ফ্রাঙ্কোর শাসনামলের দীর্ঘ দমন-পীড়ন পেরিয়ে স্পেনে প্রকাশ্যে চুমু আজ স্বাভাবিক সামাজিক আচরণে পরিণত হয়েছে। তাই দেশটিতে চুমুর সবচেয়ে উল্লেখযোগ্য দিক শুধু এর ব্যাপকতা নয়; বরং একসময় যে আচরণের জন্য শাস্তি পেতে হতো, সময়ের পরিবর্তনে সেটিই কীভাবে স্বাভাবিক সামাজিক প্রকাশভঙ্গি হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

সূত্র: বিবিসি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD