Logo

নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপি: ইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৫৬
নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপি: ইসি
ছবি: সংগৃহীত

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করা দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগ শর্ত পূরণ করেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, দুটি দলের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। তবে নিবন্ধনের চূড়ান্ত বিজ্ঞপ্তি পরে প্রকাশ করা হবে।

ইসি সচিব আরও জানান, এবার মোট ১৪৩টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করে। এর মধ্যে ২২টি দলের বিষয়ে মাঠপর্যায়ে তদন্ত করা হয়। যাচাই-বাছাই শেষে দুটি দলকে যোগ্য হিসেবে দেখা গেছে। এনসিপিকে প্রতীক সংক্রান্ত একটি চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে তিনটি রাজনৈতিক দলকে ইসির পর্যবেক্ষণে রাখা হয়েছে। এগুলো হলো— বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ)। এছাড়া আদালতের রায়ের ভিত্তিতে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিও নিবন্ধন পাবে।

বিজ্ঞাপন

অধিকতর তদন্তের আওতায় আনা হয়েছে আরও ৯টি দল। এগুলো হলো— আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা এবং জনতা পার্টি বাংলাদেশ।

অন্যদিকে মাঠপর্যায়ে তদন্তকৃত ২২টি দলের মধ্যে ৭টি দলের আবেদন বাতিল করেছে ইসি। দলগুলো হলো— ফরোয়ার্ড পার্টি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-সিপিবি এম), জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ সলুশন পার্টি এবং নতুন বাংলাদেশ পার্টি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD