প্রয়োজনীয় সব ধরণের পদক্ষেপ নেয়া হচ্ছে: শামা ওবায়েদ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীর মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে মার্কিন সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন শামা ওবায়েদ। তিনি বলেন, এ ঘটনায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরণের পদক্ষেপ নেয়া হচ্ছে। যেকোন প্রয়োজনে আমরা পাশে আছি। এছাড়া, নিহত অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আনার প্রক্রিয়া চলছে।
বিজ্ঞাপন
সোমবার (৪ মে) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ গ্রহণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে, যাতে এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়। একইসঙ্গে নিহত অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার প্রক্রিয়াও চলমান রয়েছে।
বিজ্ঞাপন
এদিন সকাল ৮টা ৪৭ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে লিমনের মরদেহ ঢাকায় পৌঁছায়। পরিবারের সদস্যরা জানান, তার মরদেহ নিজ জেলা জামালপুরে দাফন করা হবে।
ঘটনার সূত্রপাত গত ১৬ এপ্রিল, যখন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। আট দিন পর, ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। পরবর্তী ফরেনসিক পরীক্ষার মাধ্যমে ৩০ এপ্রিল বৃষ্টির মরদেহ শনাক্ত করা হয়।
মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘেরহেকে গ্রেপ্তার করেছে। আদালতে দাখিল করা নথি অনুযায়ী, ধারালো অস্ত্রের একাধিক আঘাতে লিমনকে হত্যা করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে, নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার পর তার মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (৬ মে) জানাজা শেষে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।
লিমন ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন এবং বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা নিচ্ছিলেন। তাদের অকাল মৃত্যুতে দেশে ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।








