সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

চলতি বছরের পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৪৪ হাজার ৯৫৫ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় মোট ১১৩টি ফ্লাইটে তারা সেখানে গেছেন। পাশাপাশি হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
সোমবার (৪ মে) সকালে ধর্ম মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ হজ বুলেটিনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
বুলেটিন অনুযায়ী, এবারের হজ মৌসুমে এখন পর্যন্ত মোট ৪৪ হাজার ৯৫৫ জন যাত্রী সৌদি আরবে গমন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪০ হাজার ৮৮৪ জন।
বিজ্ঞাপন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখন পর্যন্ত সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করেছে। তারা মোট ৫২টি ফ্লাইটের মাধ্যমে ২১,৩০১ জন হজযাত্রীকে সৌদি আরবে পৌঁছে দিয়েছে। এছাড়া সৌদি এয়ারলাইন্স ৪১টি ফ্লাইটের মাধ্যমে ১৫ হাজার ৪২৫ জন যাত্রী পরিবহন করেছে। এছাড়া ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইটের মাধ্যমে সৌদি আরবে নিয়ে গেছে ৮,২২৯ জন হজযাত্রীকে।
চলমান হজ মৌসুমে সৌদি আরবে এখন পর্যন্ত মোট ৭ জন হজযাত্রী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃতদের সবাই পুরুষ। তাদের মধ্যে মক্কায় ৫ জন এবং মদিনায় ২ জন মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ২৮ এপ্রিল রংপুরের কোতোয়ালী মেট্রো থানার বাসিন্দা মো. শামসুল আলম (৬৩) মৃত্যুবরণ করেছেন।
চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞাপন
চলতি বছরে মোট ৭৮ হাজার ৫০০ জন বাংলাদেশি হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন সুযোগ পাচ্ছেন।
এছাড়া হজ শেষে দেশে ফেরার জন্য ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ৩০ মে থেকে। জেদ্দা থেকে শুরু হওয়া এই কার্যক্রম পুরো জুন মাসজুড়ে চলবে এবং আগামী ৩০ জুন শেষ হজ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।








