ঢাকায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে আনা হয়েছে। সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে মরদেহবাহী উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।
বিজ্ঞাপন
ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, শনিবার স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে মরদেহটি পাঠানো হয়।
এর আগে বৃহস্পতিবার টাম্পা বে এলাকায় ইসলামিক সোসাইটিতে লিমনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থীসহ প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
বিজ্ঞাপন
লিমন ওই বিশ্ববিদ্যালয়ে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। একই সময়ে নিখোঁজ হন নাহিদা সুলতানা বৃষ্টি (২৭)। পরে তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান।
এ ঘটনায় লিমনের রুমমেট, মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে, লিমনের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। তার বিরুদ্ধে প্রথম ডিগ্রির দুইটি হত্যার অভিযোগ আনা হয়েছে এবং তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
লিমনের মরদেহ উদ্ধারের দুই দিন পর, ২৬ এপ্রিল ম্যানগ্রোভ এলাকায় মাছ শিকারের সময় একটি কালো পলিথিন দেখতে পান কয়েকজন। হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছে ওই স্থান থেকে পুলিশ পলিথিনের ভেতর খণ্ডিত মরদেহ উদ্ধার করে। পরে ৩০ এপ্রিল এক সংবাদ সম্মেলনে হিসলবরো কাউন্টি শেরিফ নিশ্চিত করেন, ওই দেহাংশ নাহিদা সুলতানা বৃষ্টির।








