পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ ডিসিদের

দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
বিজ্ঞাপন
সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠিত ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। অধিবেশনটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, সম্মেলনে দেশের পর্যটন খাতের উন্নয়ন ছিল মূল আলোচ্য বিষয়। প্রতিটি জেলার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানো, বিদ্যমান স্পটগুলোর সংস্কার এবং নতুন পর্যটক আকর্ষণে করণীয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষভাবে মনপুরা ও নেত্রকোণাসহ কয়েকটি এলাকার উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
তিনি জানান, মাঠপর্যায়ের প্রস্তাবগুলো পেলে মন্ত্রণালয় সেগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা দেবে।
পর্যটকদের নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে। নির্দেশনা দেওয়া হয়েছে, যেন কোনো পর্যটক নিরাপত্তাহীনতায় না ভোগেন।
এছাড়া কক্সবাজার সমুদ্রসৈকতের পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা আরও উন্নত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। সেন্টমার্টিন দ্বীপে নির্দিষ্ট সময় বন্ধ রাখার বিষয়টি নিয়ে সেদিন আলোচনা না হলেও বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
মন্ত্রী আরও বলেন, দেশের পর্যটন খাত দীর্ঘদিন অবহেলায় পিছিয়ে পড়েছে। এখন এটিকে একটি শক্তিশালী শিল্পে রূপ দিতে সরকার কাজ করছে এবং বেসরকারি বিনিয়োগও উৎসাহিত করা হচ্ছে।
বিমানবন্দর উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, সৈয়দপুর বিমানবন্দর আরও সম্প্রসারণের পরিকল্পনা চলছে। পাশাপাশি ঠাকুরগাঁও ও বগুড়াতে বিমানবন্দর চালুর উদ্যোগ রয়েছে। বগুড়ায় একটি ফ্লাইং একাডেমি গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে, যেখানে আগ্রহী শিক্ষার্থীরা পাইলট হওয়ার প্রশিক্ষণ নিতে পারবে।








