আগামী নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন: সিইসি

আগামী জাতীয় নির্বাচনকে দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
বিজ্ঞাপন
সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশানে আয়োজিত ইউথ ভোটার অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, তরুণরা শুধু নিজেরাই ভোট দেবে না, অন্যদের ভোটকেন্দ্রে আনতেও ভূমিকা রাখবে। কারণ তরুণ সমাজ সাহস ও সৃষ্টিশীলতার প্রতীক। তাদের অংশগ্রহণ ছাড়া দেশ গড়ার চিন্তাই করা যায় না। তিনি আশ্বাস দেন, তরুণদের সম্পৃক্ততায় আসন্ন নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছ।
বিজ্ঞাপন
তিনি জানান, কারাবন্দি নাগরিক এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও এবার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। একই সঙ্গে গণভোট আয়োজনের প্রস্তুতিও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, দেশের বিভিন্ন ঐতিহাসিক সময়ে—৬৯, ৭০, ৭১, ৯০ ও ২০২৪ সালে তরুণরাই নেতৃত্ব দিয়েছে। তাদের চিন্তাশক্তি, জ্ঞানভিত্তিক দৃষ্টিভঙ্গি ও উদ্যমই দেশের অগ্রগতির মূল চালিকা শক্তি।
তিনি আরও বলেন, আগামী নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর এবং স্বচ্ছ নির্বাচন।
বিজ্ঞাপন
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে সিইসি বলেন, এই নির্বাচন হবে একটা ঐতিহাসিক নির্বাচন। কেন ঐতিহাসিক? পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটের আওতায় এনেছি আমরা, যা গত ৫৪ বছরে হয়নি। আবার যারা নির্বাচনের কাজের সঙ্গে জড়িত থাকতেন তারা ভোট দিতে পারতেন না, তারা এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।
তিনি বলেন, কারাবন্দি এবং সরকারি কর্মকর্তা ও কর্মচারীরাও এবার ভোট দিতে পারবেন। এর সঙ্গে গণভোটেরও আয়োজন করতে হচ্ছে। আশা করি, যদি এর সঙ্গে তরুণরা থাকে, তাহলে আমরা আরও এগিয়ে যাবো। বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল।
নির্বাচন নিয়ে কোন শঙ্কা নেই জানিয়ে নাসির উদ্দিন বলেন, নির্বাচন হবে ইনশাল্লাহ। সবাইকে সঙ্গে নিয়েই নির্বাচন হবে। আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচন পর্যন্ত যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের প্রস্তুতি রয়েছে। নির্বাচন সঠিক সময়ে সঠিকভাবেই হবে।
বিজ্ঞাপন
সিইসি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা। এটি বাংলাদেশে নতুন নয়। নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না।
দেশের বর্তমান পরিস্থিতি ২০২৪ সালের চেয়ে অনেক ভালো বলেও মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
প্রধান নির্বাচন কমিশনার বলেন, তখন মানুষ ঘুমাতে পারতো না। এখন মানুষ শান্তিতে ঘুমাতে পারছে।








