বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করল নির্বাচন কমিশন

বগুড়া-৬ সংসদীয় আসন শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এই আসন ছেড়ে দিয়ে অন্য নির্বাচিত আসন-১৯০ ঢাকা-১৭ এর প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
বিজ্ঞাপন
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেন। গেজেটে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী একজন সংসদ সদস্য কেবল একটি আসনের প্রতিনিধিত্ব করতে পারবেন।
তথ্য অনুযায়ী, তারেক রহমান ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে স্বাক্ষরিত ঘোষণাপত্রে নির্বাচন কমিশনকে জানান যে, তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করবেন। ফলে একই তারিখ থেকে বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞাপন
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, একজন প্রার্থী সর্বোচ্চ তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তবে নির্বাচিত হওয়ার পর একজন সদস্য কেবল একটি আসনই প্রতিনিধিত্ব করতে পারবেন। একাধিক আসনে জয়ী হলে শপথের আগে যে আসন রাখতে চান, সেটি নির্বাচন কমিশনকে জানাতে হয়। এ ঘোষণা না দিলে জয়ী হওয়া সব আসন শূন্য ঘোষণার বিধান রয়েছে।
আরও পড়ুন: অবশেষে জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি
বগুড়া-৬ আসন শূন্য ঘোষণার পর, এই আসনের জন্য পরবর্তী উপ-নির্বাচনের তফসিল নির্ধারণ করা হবে। উল্লেখ্য, ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশে প্রার্থীকে কয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সীমা ছিল না, পরে ২০০৮-২০০৯ সালে সর্বোচ্চ তিনটি আসনে নির্বাচনের নিয়ম প্রণয়ন করা হয়।








