Logo

মনোনয়ন বাতিল হলে যেভাবে আপিল করবেন প্রার্থীরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ জানুয়ারি, ২০২৬, ১৩:৫০
মনোনয়ন বাতিল হলে যেভাবে আপিল করবেন প্রার্থীরা
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বা অবৈধ ঘোষণা করা হয়েছে, তারা নির্বাচন কমিশনে (ইসি) আপিল করার সুযোগ পাবেন। এ বিষয়ে আপিল প্রক্রিয়া ও করণীয় স্পষ্ট করে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখা-২ থেকে জারি করা এক নির্দেশনায় জানানো হয়েছে, রিটার্নিং অফিসারের মনোনয়ন গ্রহণ বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে হলে ইতোপূর্বে জারি করা পরিপত্র-২ এর দফা-১৯ অনুযায়ী নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে। আপিল দাখিলের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট শর্ত ও প্রক্রিয়া মানা বাধ্যতামূলক।

নির্দেশনা অনুযায়ী, আপিল করতে আগ্রহী প্রার্থী বা তার প্রতিনিধিকে সংশ্লিষ্ট অঞ্চলের জন্য নির্ধারিত বুথে সরাসরি আবেদন জমা দিতে হবে। আপিল আবেদনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্ধারিত ‘পরিশিষ্ট-ক’ ফরম্যাট বা নমুনা অনুসরণ করতে হবে, যা বাধ্যতামূলক হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী তফসিলে যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে, তার মধ্যেই আপিল দাখিল সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময় অতিক্রম হলে আপিল গ্রহণযোগ্য হবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয় দেশের সব রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছে, যেন তারা সংশ্লিষ্ট প্রার্থীদের আপিলের নিয়ম-কানুন সম্পর্কে অবহিত করেন। এতে প্রার্থীরা সঠিক পদ্ধতিতে ও সময়মতো তাদের আপিল বা অভিযোগ দাখিলের সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, প্রতি নির্বাচনের মতো এবারও নির্বাচন কমিশন সচিবালয়ে আপিল শুনানির জন্য বিশেষ এজলাস ও নির্ধারিত বুথ স্থাপন করা হবে। এসব এজলাসে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত থেকে শুনানির মাধ্যমে আপিল নিষ্পত্তি করবেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD