Logo

গ্যাস সংকটের মধ্যেই নতুন বিপত্তি, ভালভ ফেটে তীব্র স্বল্পচাপ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ জানুয়ারি, ২০২৬, ১২:২৪
গ্যাস সংকটের মধ্যেই নতুন বিপত্তি, ভালভ ফেটে তীব্র স্বল্পচাপ
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় চলমান গ্যাস সংকটের মধ্যে নতুন করে ভোগান্তি তৈরি হয়েছে। মিরপুর রোডে একটি গ্যাসের ভালভ ফেটে লিকেজ সৃষ্টি হওয়ায় নগরীর বেশ কয়েকটি এলাকায় মারাত্মক স্বল্পচাপ দেখা দিয়েছে। এতে গ্যাস সংকটে পড়েছেন বহু গ্রাহক।

বিজ্ঞাপন

শনিবার এক বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, মিরপুর রোডে গণভবনের সামনে অবস্থিত চার ইঞ্চি ব্যাসের একটি ভালভ ফেটে গ্যাস লিকেজ সৃষ্টি হয়। লিকেজ মেরামতের জন্য বিতরণ নেটওয়ার্কের একাধিক ভালভ বন্ধ করে চাপ নিয়ন্ত্রণ করতে হচ্ছে। এর ফলে ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ আশপাশের এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করছে।

তিতাসের পক্ষ থেকে আরও জানানো হয়, দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত ভালভটি পরিবর্তনের কাজ শুরু করা হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই ঢাকা মহানগরীতে গ্যাসের স্বল্পচাপের কারণে চরম ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী। রান্নাবান্না থেকে শুরু করে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। এর মধ্যেই নতুন করে ভালভ ফেটে পরিস্থিতি আরও জটিল হলো।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছিল, আমিনবাজার এলাকায় তুরাগ নদীর তলদেশে একটি বিতরণ গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল। মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে ওই পাইপলাইনে ক্ষতি হয়। পরে তা মেরামত করা হলেও মেরামতের সময় পাইপলাইনে পানি প্রবেশ করে। পাশাপাশি ঢাকা শহরে গ্যাসের সরবরাহ কম থাকায় রাজধানীজুড়ে মারাত্মক স্বল্পচাপের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

সব মিলিয়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। নগরবাসী দ্রুত পরিস্থিতির উন্নতি প্রত্যাশা করছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD