Logo

আজ বিশ্ব ক্যানসার দিবস

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৪৭
আজ বিশ্ব ক্যানসার দিবস
ছবি: সংগৃহীত

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ব ক্যানসার দিবস। প্রাণঘাতী এই রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাতে প্রতিবছর ৪ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

বিজ্ঞাপন

বিশ্ব ক্যানসার দিবসের সূচনা হয় ২০০০ সালে। ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড সামিট এগেইনস্ট ক্যানসার’ সম্মেলন থেকে প্রথমবারের মতো এই দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে দিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

এই দিবস পালনের মূল লক্ষ্য হলো ক্যানসারের মতো মারাত্মক রোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা এবং আক্রান্ত রোগীদের সহায়তায় সামাজিক ও রাষ্ট্রীয় উদ্যোগ জোরদার করা। একই সঙ্গে প্রতিরোধযোগ্য ঝুঁকিগুলো সম্পর্কে মানুষকে জানানোও এ দিবসের অন্যতম উদ্দেশ্য।

বিজ্ঞাপন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, ক্যানসার বর্তমানে বিশ্বে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ। ফলে ক্যানসারসংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবেই বিশ্ব ক্যানসার দিবস পালন করা হয়।

গ্লোবাল ক্যানসার অবজারভেটরির পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে ২০২২ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ১৬ হাজার ৫৯৮ জন। একই বছরে নতুন করে ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ৬৭ হাজার ২৫৬ জন, যা দেশের জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের বিষয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব বলছে, বিশ্বজুড়ে প্রতিবছর প্রায় ৮২ লাখ মানুষ ক্যানসারে মারা যান। এর মধ্যে নারীদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যানসার একটি বড় ঝুঁকি হিসেবে চিহ্নিত।

বিজ্ঞাপন

তবে বিশেষজ্ঞদের মতে, তামাকজাত দ্রব্য ব্যবহার বন্ধ করতে পারলে ক্যানসারজনিত মৃত্যুর হার ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব।

বিশেষজ্ঞরা মনে করছেন, জীবনযাত্রায় সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং ঝুঁকিপূর্ণ অভ্যাস পরিহারের মাধ্যমে ক্যানসার প্রতিরোধে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব। বিশ্ব ক্যানসার দিবস সেই সচেতনতার বার্তাই নতুন করে স্মরণ করিয়ে দেয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD