Logo

প্রকাশ্যে ক্ষমা না চাইলে খালিদুজ্জামানকে পিএনজি ঘোষণার দাবি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৪৪
প্রকাশ্যে ক্ষমা না চাইলে খালিদুজ্জামানকে পিএনজি ঘোষণার দাবি
ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী স ম খালিদুজ্জামানের আচরণকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ প্রবেশের চেষ্টাকালে দায়িত্বরত নিরাপত্তা সদস্যদের সঙ্গে অশালীন ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগ তুলে সংগঠনটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে তাকে ক্যান্টনমেন্টে ‘পিএনজি (পারসোনা নন গ্রাটা)’ ঘোষণার দাবি জানিয়েছে।

বিজ্ঞাপন

এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাইফুল্লাহ খান সাইফের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সংগঠনটি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, একটি রাজনৈতিক দলের ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রার্থী ক্যান্টনমেন্টের মতো সংবেদনশীল এলাকায় অস্ত্রসহ প্রবেশের চেষ্টা করেছেন। নিরাপত্তার স্বার্থে দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যরা তাকে বাধা দিলে তিনি অত্যন্ত উদ্ধত আচরণ করেন এবং সেনাসদস্যদের উদ্দেশে কুরুচিপূর্ণ ও অপমানজনক ভাষা ব্যবহার করেন।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের বক্তব্য ও আচরণ সরাসরি সামরিক বাহিনীর মর্যাদা, মনোবল এবং রাষ্ট্রীয় শৃঙ্খলার ওপর আঘাত হানে। এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন এই ঘটনাকে গুরুতর হিসেবে বিবেচনা করছে এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

বিজ্ঞাপন

সংগঠনটি স্পষ্ট করে জানায়, কোনো রাজনৈতিক পরিচয় কাউকে সংবিধান ও প্রচলিত আইনের ঊর্ধ্বে যাওয়ার সুযোগ দেয় না। ক্যান্টনমেন্ট কোনো রাজনৈতিক প্রভাব বিস্তারের ক্ষেত্র নয়; এটি একটি উচ্চ নিরাপত্তাসংশ্লিষ্ট রাষ্ট্রীয় এলাকা, যেখানে আইন ও নিয়মের কঠোর প্রয়োগ অপরিহার্য।

বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, অভিযুক্ত প্রার্থী যদি তার আচরণের জন্য প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা না চান এবং ভবিষ্যতে এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ ও অবমাননাকর আচরণ পরিহারের সুস্পষ্ট অঙ্গীকার না করেন, তাহলে ২৪ ঘণ্টার মধ্যে তাকে ক্যান্টনমেন্ট এলাকায় ‘পারসোনা নন গ্রাটা (পিএনজি)’ ঘোষণার জন্য জোর দাবি জানানো হবে।

বিজ্ঞাপন

রাষ্ট্রের আইন, জাতীয় নিরাপত্তা ও সশস্ত্র বাহিনীর সম্মান রক্ষার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলেও বিবৃতিতে উল্লেখ করেছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD