জাতিসংঘের স্থায়ী প্রতিনিধির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের বৈঠক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ব্যারিস্টার আইরিন জুবাইদা খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল।
বিজ্ঞাপন
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থান এবং দেশের উন্নয়ন সম্ভাবনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।
শুক্রবার (৬ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ মতবিনিময়ে জাতিসংঘে বাংলাদেশের উপস্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান এবং নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান সুসংহত করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দেশের ভবিষ্যৎ সম্ভাবনা ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন তাঁরা।
উল্লেখ্য, আন্তর্জাতিকভাবে পরিচিত মানবাধিকারকর্মী আইরিন জুবাইদা খান ২০২৬ সালের ২৮ আগস্ট জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব ছিলেন। পরে ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশনের (আইডিএলও) মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।
বিজ্ঞাপন
অন্যদিকে, বিশ্বব্যাংক গ্রুপ আয়োজিত ‘ল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম ২০২৬’-এ অংশ নিতে গত ১ নভেম্বর যুক্তরাষ্ট্র সফরে যান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। ওয়াশিংটন ডিসিতে ২ ও ৩ নভেম্বর অনুষ্ঠিত এ ফোরামে বিভিন্ন দেশের অ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রীদের অংশগ্রহণের কথা ছিল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ফোরামে আইনি কাঠামো শক্তিশালী করা, বিনিয়োগের অনুকূল পরিবেশ গড়ে তোলা এবং উন্নয়ন ত্বরান্বিত করতে আইন ও বিচারব্যবস্থার ভূমিকা নিয়ে আলোচনা হয়।
সফরসূচি অনুযায়ী, আগামী ১১ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। তাঁর অনুপস্থিতিতে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ আরশাদুর রউফ।








