Logo

৭ কিলোমিটার হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ নভেম্বর, ২০২৬, ১৭:৫৯
৭ কিলোমিটার হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রায় অংশ নিয়ে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত প্রায় সাত কিলোমিটার পথ হেঁটেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) বিকেলে শোভাযাত্রাটি মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছায়।

বিজ্ঞাপন

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রায় নেতৃত্ব দেন তারেক রহমান। এতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভীসহ দলটির জ্যেষ্ঠ নেতারা অংশ নেন।

র‍্যালি শুরুর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

র‍্যালিটি প্রধান বিচারপতির বাসভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড এবং আশপাশের জেলা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাঁদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং দলীয় নেতাদের ছবিসংবলিত প্ল্যাকার্ড। স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন ও আশপাশের এলাকা।

ঢাকা ছাড়াও শনিবার দেশের বিভিন্ন জেলা ও মহানগরে শোভাযাত্রা আয়োজন করে বিএনপি। আগামী ৮ নভেম্বর থানা ও উপজেলা পর্যায়েও শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD