বিমানবন্দরের নিরাপত্তায় উন্নতি, বাংলাদেশের প্রশংসায় আইকাও

বাংলাদেশের বিমান চলাচল নিরাপত্তাব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) অডিট দল। সংস্থাটির সাম্প্রতিক এভিয়েশন সিকিউরিটি অডিটে বড় ধরনের কোনো নিরাপত্তা উদ্বেগ পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
শুক্রবার (৬ নভেম্বর) অডিট কার্যক্রম শেষ হওয়ার পর আইকাও প্রতিনিধিদলের সম্মানে নৈশভোজের আয়োজন করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। এ সময় মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, আইকাও অডিট দলের সদস্য এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আইকাও অডিট দলের প্রধান ক্যালাম লুইস ভাইন বলেন, আগের তুলনায় বাংলাদেশের বিমান চলাচল নিরাপত্তাব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এবারের অডিটে বড় ধরনের কোনো নিরাপত্তা উদ্বেগ চিহ্নিত হয়নি। নিরাপত্তা জোরদারে বেবিচক ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর উদ্যোগ এবং পারস্পরিক সমন্বয়েরও প্রশংসা করেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত অডিট কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। দেশের এভিয়েশন খাতকে আধুনিক ও আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে সরকার কাজ করছে।
মন্ত্রী আরও বলেন, এবারের অডিটের জন্য বেবিচক, এভিয়েশন সিকিউরিটি বিভাগ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত প্রস্তুতি ও নিরলস প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ ক্ষেত্রে বেবিচক চেয়ারম্যানের তদারকি, নিয়মিত পর্যালোচনা সভা এবং দিকনির্দেশনার কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি সহযোগিতা ও গঠনমূলক পর্যবেক্ষণের জন্য আইকাও প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে যুক্তরাজ্যের ক্যালাম লুইস ভাইন ছাড়াও অডিট দলের সদস্য হিসেবে শ্রীলঙ্কার পাঠবেরিয়া আপ্পুহামিলাগে জয়কান্তা, ফিলিপাইনের আলেসান্দ্রা অ্যারেনাস এবং সিঙ্গাপুরের শেখ আবদুল্লাহ বিন আব সুকর উপস্থিত ছিলেন।
বেবিচক জানিয়েছে, আইকাওর নির্দেশনা ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর ও টেকসই করার কার্যক্রম অব্যাহত থাকবে।








