আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন আগামীকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন গণমাধ্যমে একযোগে সম্প্রচার করা হবে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কমিশন জানিয়েছে, বুধবার সম্প্রচারের জন্য সিইসির ভাষণ আজ সন্ধ্যা ৬টায় রেকর্ড করা হবে।
ধারণা করা হচ্ছে, ভাষণে তিনি নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে দেশবাসীকে অবহিত করবেন এবং ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন।
বিজ্ঞাপন
নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে কমিশনের গৃহীত বিভিন্ন পদক্ষেপও ভাষণে তুলে ধরা হতে পারে। এরই মধ্যে সারা দেশে নিরাপত্তা জোরদারে যৌথবাহিনী কাজ শুরু করেছে।
এর আগে গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে সিইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন।
বিজ্ঞাপন
আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারা দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সংসদীয় ভোটের পাশাপাশি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটি গণভোটও আয়োজন করা হচ্ছে।








