Logo

মেট্রোরেল স্টেশনে কনটেন্ট তৈরিতে নিষেধাজ্ঞা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১২
মেট্রোরেল স্টেশনে কনটেন্ট তৈরিতে নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

মেট্রোরেল স্টেশন এলাকায় পূর্বানুমতি ছাড়া ভিডিও ধারণ ও কনটেন্ট তৈরিতে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

বিজ্ঞাপন

বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ. কে. এম. খায়রুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেট্রোরেল স্টেশন, প্ল্যাটফর্ম, কনকোর্স হল, প্রবেশ ও বহির্গমন পথ এবং ট্রেনের অভ্যন্তরে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া যেকোনো ধরনের ভিডিও ধারণ বা প্রচার কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ।

বিজ্ঞাপন

বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য স্বল্পদৈর্ঘ্য ভিডিও নির্মাণ, সরাসরি সম্প্রচার কিংবা বাণিজ্যিক বা ব্যক্তিগত উদ্দেশ্যে ফটোগ্রাফি ও শুটিংয়ের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, অনুমতি ছাড়া এ ধরনের কার্যক্রম পরিচালনা করলে বিদ্যমান আইন ও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

এছাড়া মেট্রোরেল এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে শুটিং বা আলোকচিত্র ধারণ করতে হলে ‘বাণিজ্যিক স্পেস ভাড়া/ইজারা নীতিমালা ২০২৩’ অনুসরণ করতে হবে। নির্ধারিত প্রক্রিয়ায় আগাম আবেদন করে অনুমোদন গ্রহণ বাধ্যতামূলক।

যাত্রীসাধারণের স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD