বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ

আজ বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ-এর ৯০তম জন্মবার্ষিকী। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি ও ছুটিপুর এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে তিনি শহীদ হন। মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাকে সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ প্রদান করা হয়।
বিজ্ঞাপন
নূর মোহাম্মদের বাবার নাম মোহাম্মদ আমানত শেখ এবং মায়ের নাম জেন্নাতুন্নেছা, মতান্তরে জেন্নাতা খানম। ছোটবেলাতেই বাবা-মাকে হারান তিনি। সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা শেষে যোগ দেন তৎকালীন পূর্ব পাকিস্তান রাইফেলস-এ, যা বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নামে পরিচিত। ১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি তিনি এ বাহিনীতে যোগদান করেন।
দীর্ঘদিন দিনাজপুর সীমান্তে দায়িত্ব পালন শেষে ১৯৭০ সালের ১০ জুলাই তাকে যশোর সেক্টরে বদলি করা হয়। কর্মদক্ষতা ও সাহসিকতার জন্য পরবর্তীতে তিনি ল্যান্স নায়েক পদে পদোন্নতি পান।
বিজ্ঞাপন
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮ নম্বর সেক্টরে সক্রিয়ভাবে অংশ নেন নূর মোহাম্মদ। এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত এ সেক্টরের কমান্ডার ছিলেন কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন মেজর এস এ মঞ্জুর। যশোরের শার্শা উপজেলার কাশিপুর সীমান্তের বয়রা অঞ্চলে ক্যাপ্টেন নাজমুল হুদার নেতৃত্বে পাকবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়ে তিনি অনন্য বীরত্বের পরিচয় দেন।
১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর সম্মুখযুদ্ধে আহত সহযোদ্ধাদের রক্ষা করতে গিয়ে তিনি শহীদ হন। তার আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার স্মৃতিকে অম্লান রাখতে মহিষখোলা গ্রামের নাম পরিবর্তন করে ২০০৮ সালের ১৮ মার্চ ‘নূর মোহাম্মদনগর’ রাখা হয়।








