রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইনেই: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান মিয়ানমারের রাখাইন রাজ্যেই নিহিত রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জোর দিয়ে বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন।
বিজ্ঞাপন
শুক্রবার তুরস্কে অনুষ্ঠিত আন্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম ২০২৬-এর একটি গুরুত্বপূর্ণ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
‘গ্লোবাল রিফিউজি প্রোটেকশন সিস্টেম ইন দ্য ফেস অব ডিসপ্লেসমেন্ট ক্রাইসিস’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি রোহিঙ্গা সংকটের বিভিন্ন দিক তুলে ধরেন।
বিজ্ঞাপন
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কেবল মানবিক সহায়তা প্রদানেই সীমাবদ্ধ থাকলে এই সংকটের সমাধান সম্ভব নয়। রাখাইন রাজ্যে নিরাপদ ও অনুকূল পরিবেশ তৈরি করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয়, সমন্বিত এবং ফলপ্রসূ উদ্যোগ নিতে হবে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক দাতা দেশগুলোর সহায়তা কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এ প্রেক্ষাপটে তহবিল বৃদ্ধি, রাখাইনে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবাধিকার সুরক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
ড. খলিলুর রহমান জানান, দায়িত্ব গ্রহণের পর মিয়ানমার সরকার এবং আরাকান আর্মি—উভয় পক্ষই তাকে স্বাগত জানিয়েছে, যা সংলাপের সম্ভাবনা বাড়িয়েছে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, যথাযথ সমন্বিত বৈশ্বিক উদ্যোগ এবং দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করা গেলে রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব। এই লক্ষ্যে সব পক্ষকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।








