জ্বালানি তেলের দাম বৃদ্ধি না করে নিয়ন্ত্রণে রেখেছে সরকার: মাহদী আমিন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশে তা বৃদ্ধি না করে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে সরকার—এমন দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানান, বিভিন্ন কৌশলগত উদ্যোগের মাধ্যমে জ্বালানি খাতে স্থিতিশীলতা বজায় রাখা হচ্ছে।
বিজ্ঞাপন
শনিবার (১৮ এপ্রিল) সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে সরকার জ্বালানি তেলে ভর্তুকি বাড়িয়েছে এবং বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি তেল সরবরাহ নিশ্চিত করতে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে। আন্তর্জাতিক দর-কষাকষিতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, জ্বালানি বিতরণ ব্যবস্থাকে আধুনিক ও সহজ করতে ‘ফুয়েল কার্ড’ চালু করা হয়েছে, যা ব্যবস্থাপনাকে আরও কার্যকর করবে বলে আশা করা হচ্ছে।
বিদ্যুৎ খাতের অগ্রগতির কথা তুলে ধরে উপদেষ্টা জানান, এই সময়ের মধ্যে জাতীয় গ্রিডে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে। পাশাপাশি সরকার ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি—বিশেষ করে সৌরশক্তির মাধ্যমে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
বিজ্ঞাপন
দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়েও কথা বলেন মাহদী আমিন। তিনি জানান, বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। বিশেষ করে রমজান মাসে অন্যান্য বছরের তুলনায় মূল্য স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও উল্লেখ করেন, তারল্য সংকট থাকা সত্ত্বেও খাদ্যপণ্য ও প্রয়োজনীয় দ্রব্যের আমদানি অব্যাহত রাখা হয়েছে। এর ফলে বাজারে সরবরাহ স্বাভাবিক ছিল এবং কোনো ধরনের সংকট তৈরি হয়নি। সরকারের এসব পদক্ষেপের কারণে মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণের মধ্যে রাখা সম্ভব হয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।








